ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে অর্থায়নে ‘মরিয়া’ প্রচেষ্টার মধ্যেই সরকারের পক্ষে প্রধান সমঝোতাকারী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বহুজাতিক দাতা সংস্থা বিশ্ব ব্যাংকের দুর্নীতি রোধ করার উপায় নিয়ে প্রশ্ন তুলেছেন।
বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দুর্নীতির ষড়যন্ত্র করার অভিযোগকারী দাতা সংস্থাটির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেছেন, তাদের কাজের প্রক্রিয়ায় ত্রুটি আছে।
বিশ্ব ব্যাংক গায়ের জোরে দুর্নীতি হটাতে চায় মন্তব্য করে মন্ত্রী মঙ্গলবার এক বৈঠকে বলেন, “একটা ইন্ট্রিগ্রিটি ইউনিট আছে বিশ্বব্যাংকে। ইটস আ জেহাদি ইনস্টিটিউশন। অ্যান্ড ইট মাস্ট বি কারেকটেড।”
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “জেহাদ, আই মিন ইন এ ব্যাড সেন্স। যে মনে করে করাপশন আমি ইনকোয়ারি করছি, এটা একটা জেহাদ, হি ডেসট্রয়স ইট।”
“ওয়ার্ল্ড ব্যাংকের যে ইন্টিগ্রিটি ইউনিট, ডাস নট বিলিভ ইন রাইট মিনস ফর রাইট এন্ডস।”
“দিস আনএকাউন্টেবল অফিস এট দিস জেহাদি স্পিরিট দে আর ভেরি এগেইনস্ট অ্যান্টিকরাসশন।”
বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার সব বাধা-বিপত্তি কেটে যাচ্ছে- অর্থমন্ত্রী গত সপ্তাহে এমন ইংগিত দিলেও ২৫ অগাস্ট একাধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান শর্ত অনুযায়ী পদত্যাগে রাজি না হওয়ায় বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে না।
এ বিষয়ে সাংবাদিকরা সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী।
এ বিষয়ে মঙ্গলবার পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি তিনি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে আবুল মাল আবদুল মুহিত পদত্যাগের ইচ্ছা পোষণ করেন বলে মঙ্গলবার একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। ওই বৈঠকে মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে মুহিতের বাক-বিত-া হয় বলেও পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে।
গত বছর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি জানিয়ে গত জুনে অর্থায়ন বাতিল করে তারা।
তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান।
২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাকি অর্থের বেশিরভাগ দেওয়ার কথা এডিবি, আইডিবি ও জাইকার।
‘রোল অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন কমব্যাটিং করাপশন’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে দুর্নীতি ও দেশে দুর্নীতিবাজদের বিচার নিয়ে কথা বলেন মন্ত্রী মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/২১১৪ ঘ.
bdnews24