ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাকের বিশ্বের শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম আগামী পাঁচ বছরে এর বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করাসহ বাংলাদেশে তাদের কাজ বাড়ানোর পরিকল্পনা করেছে।
সোমবার রাজধানীতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল-জোহান পারসর বলেন, “বাংলাদেশের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রয়েছে এবং এই পরিকল্পনা বাড়বে।”
এইচঅ্যান্ডএম মঙ্গলবার সংবাদ সম্মেলন করবে।
এই সিইও বলেন, এক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে এবং বিষয়গুলো সমাধান করে কিভাবে সামনে এগুনো যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে।
বিজিএমএ সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এই সুযোগ কাজে লাগানোর এখনই সময়।
তিনি বলেন, “এইচঅ্যান্ডএম তার ক্রয় দ্বিগুণ করবে এবং এখান থেকে কতটা নিজের ভাগে আনা যায় তা দেশের জন্য চ্যালেঞ্জ।”
তিনি আরো বলেন, এই বৈশ্বিক ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশ থেকে শত কোটি ডলারের বেশি মূল্যে পোশাক কিনে।
সফিউল ইসলাম বলেন, সমিতি ও ওই ব্যান্ডের মধ্যে দেশে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
“শিল্পের বৃহত্তর স্বার্থে আমরা যে কোনো ইতিবাচক পরামর্শ গ্রহণে প্রস্তুত।”
তিনি বলেন, বর্তমানে তৈরি পোশাকের বৈশ্বিক বাজার ৪৯ হাজার কোটি ডলারের এবং এটা দিনে দিনে বাড়বে। কিন্তু বর্ধমান এই বাজারের ভাগ নেওয়ার ক্ষেত্রে অবকাঠামো ও শ্রমের মানের দিক থেকে বাংলাদেশ প্রস্তুত কি না তা ভাবার বিষয়।
দেশের পুরো রপ্তানি আয় দুই হাজার চারশো কোটি ডলারের বেশি এবং এর ৮০ ভাগ আসে তৈরি পোশাকের রপ্তানি থেকে।
সুইডেনের বহুজাতিক কোম্পানি এইচঅ্যান্ডএম হিনস অ্যান্ড মরিত্জ এবি ‘এইচঅ্যান্ডএম’ নামে বহুল পরিচিত। ৪৩টি দেশে দু’হাজার তিন’শটি আউটলেটে কোম্পানিটির ৯৪ হাজার মানুষ কর্মরত আছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ পোষাক বিক্রেতা প্রতিষ্ঠান। শীর্ষ অবস্থানে রয়েছে রয়েছে স্পেনের কোম্পানি ইন্ডিটেক্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/২২১৫ ঘ.
bdnews24