ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১২-২০১৪ মেয়াদের জন্য দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ নভেম্বর পরিচালক পদে নির্বাচন এবং ২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগের তফসিল অনুযায়ী ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এফবিসিসিআই নির্বাচনের সময় বাড়ানোর পর নির্বাচন বোর্ড তফসিল পুনর্বিন্যাস করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ।
নির্বাচনের আগে চাঁদা পরিশোধের জন্য ২৬ সেপ্টেম্বর, সাধারণ পরিষদ সদস্য/ভোটার মনোনয়ন গ্রহণের জন্য ৩০ সেপ্টেম্বর, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের জন্য ৪ অক্টোবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য ১৬ অক্টোবর এবং পরিচালক পদে মনোনয়ন পত্র দাখিলের জন্য ২১ অক্টোবর শেষ তারিখ ঠিক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএএইচ/এইচএ/১৯২৩ ঘ.
bdnews24