২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর সিদ্ধান্ত সম্মিলিতভাবে: মুহিত

পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংকসহ অন্য ঋণদাতা সংস্থা ও বাংলাদেশ সরকার ‘সম্মিলিতভাবে’ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংকসহ অন্য ঋণদাতা সংস্থা ও বাংলাদেশ সরকার ‘সম্মিলিতভাবে’ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বিশ্বব্যাংক, এডিবি, জাইকা সবাই মিলেই সিদ্ধান্ত হবে। আমার নিজের এখানেও তো আছে।” বক্তব্যের শুরুতেই মুহিত সাংবাদিকদের বলেন, “আমি ৯ সেপ্টেম্বর দেশের বাইরে যাব। তার আগে তোমাদের কিছু বলব।” একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এক সপ্তাহের জন্য চীনে যাওয়ার কথা রয়েছে অর্থমন্ত্রীর। পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরানোর চেষ্টা এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে মন্ত্রীর একটি বিবৃতি দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি তা দেননি। সাংবাদিকের প্রশ্নের জবাবে গত সপ্তাহে তিনি বলেন, “আমার হাতে এখনো সময় রয়েছে। এরপর আমি কথা বলব।” বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার সব বাধা-বিপত্তি কেটে যাচ্ছে- গত মাসে অর্থমন্ত্রী এমন ইংগিত দিলেও ২৫ অগাস্ট একাধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান শর্ত অনুযায়ী পদত্যাগে রাজি না হওয়ায় বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে না। গত বছর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি জানিয়ে গত জুনে অর্থায়ন বাতিল করে তারা। অর্থায়ন বাতিলের পর বিশ্ব ব্যাংককে ফেরানোর উদ্যোগের মধ্যেই অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াও ছুটিতে যান। ২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাকি অর্থের বেশিরভাগ দেওয়ার কথা এডিবি, আইডিবি ও জাইকার। বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করলেও এডিবি ও জাইকা দিতীয় দফায় ঋণের মেয়াদ বাড়িয়েছে। পদ্মা সেতু প্রকল্পের পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু না জানালেও অর্থমন্ত্রী ব্যাংক পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেবেন বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, “হয়তোবা আগামীকালই দেব। তবে এটা হবে তথ্যভিত্তিক, তোমাদের প্রতিবেদনের ভিত্তিতে নয়”, বলেন মুহিত। সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা থেকে নিয়ম বহির্ভূতভাবে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় হলমার্ক গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে দুদক। ওই অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত কয়েক দিন ধরে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর নামও আসে। এসব প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টার হস্তক্ষেপেই হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে টাকা সরিয়েছে। দুদকের কমিশনার মো. বদিউজ্জামান রোববার সাংবাদিকদের জানান, দুর্নীতির সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টার নাম আসায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরএইচ/জেকে/১৬০১ ঘ.