ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পর্যটন শিল্প বিকাশে জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার আহ্বান জানিয়েছেন পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
সোমবার রাজধানীর পলাশীর ব্যানবেইস ভবনে ‘এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে সাংস্কৃতিক পর্যটন উন্নয়ন’ বিষয়ক তিন দিনের এক কর্মশালার উদ্বোধনী দিনে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, “দেশের সাংস্কৃতিক পর্যটন অত্যন্ত সমৃদ্ধ। মসজিদের শহর হিসেবে ঢাকার নিজস্ব পরিচিতি রয়েছে। এছাড়াও দেশের পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শনীয় পর্যটন স্থান হিসেবে বিশ্বে পরিচিত। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সাংস্কৃতিক পর্যটন বিকাশে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
বাংলাদেশ ছাড়াও কর্মশালায় ইরান, মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। কর্মশালা চলবে আগামী বুধবার পর্যন্ত।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব আবু হেনা মোরশেদ জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৪১০ ঘ.
bdnews24