মহসীনুল করিম
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশিদের জন্য মালয়শিয়ার শ্রমবাজার খোলার প্রস্তুতির আগে চূড়ান্ত পর্যবেক্ষণ করতে আগামী ১১ সেপ্টেম্বর আসছে দেশটির প্রতিনিধি দল।
মালয়শীয় সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার।
মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এস সুব্রামনিয়ামের নেতৃত্বে মালয়শিয়ার প্রতিনিধি দলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিয়োগকর্তাদের প্রতিনিধিরাও থাকছেন।
মালয়শিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো গত তিন বছর ধরে বন্ধ রয়েছে।
বিএমইটি মহাপরিচালক শামসুন নাহার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের কর্মী পাঠানোর পদ্ধতি দেখতে তাদের (মালয়শিয়া) মানবসম্পদমন্ত্রী সফরে আসবেন। আশা করি, তাদের এ সফরে বাংলাদেশ ইতিবাচক সাড়া পাবে।”
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মালয়শীয় প্রতিনিধি দলের পর্যবেক্ষণের ক্ষেত্রগুলো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত বুধবার সাংবাদিকদের বলেন, “এটিই হবে তাদের (মালয়শিয়া) চূড়ান্ত মিশন। এ সফরের পর তারা গিয়ে তাদের সরকারকে প্রতিবেদন দেবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ সফরের সময় দুদেশের মধ্যে জনশক্তি নেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।
কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের জন্য মালয়শিয়ার শ্রমবাজার খোলার আগেই দেশটিতে তালিকাভুক্ত সোর্সিং কান্ট্রি (উৎস দেশ) হিসেবে জনশক্তি রপ্তানির সুযোগ নিশ্চিত করতে চায় ঢাকা। এ জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শক্ত অবস্থান নিয়েছে। মালয়শীয় প্রতিনিধি দলের সফরকালে এ বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে।
প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে ১৩টি উৎস দেশ (সোর্সিং কান্ট্রি) থেকে কর্মী নেয় মালয়শিয়া। বাংলাদেশও সেখানে উৎস দেশ হতে চায়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।
“এতে বাংলাদেশ থেকে মালয়শিয়ায় কর্মী পাঠানো সহজ হবে এবং খরচও কমে যাবে। এটি জনশক্তি নেওয়ার স্থায়ী ব্যবস্থা। এতে আর কলিং ভিসার (আহুত ভিসা) মতো নির্দিষ্ট সংখ্যক জনশক্তি নেওয়ার পর লোক নেওয়া বন্ধের সুযোগ থাকবে না।”
মালয়শিয়া এতে রাজি না হলে অস্থায়ী ভিত্তিতে জনশক্তি রপ্তানি করা হবে কি না- তা আবারো ভেবে দেখা হবে বলে জাফর আহমেদ জানান।
মালয়শিয়ায় ‘উৎস দেশ’ হিসাবে তালিকাভুক্ত হলে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে ১ হাজার ২০০ থেকে ২ হাজার মালয়শীয় রিঙ্গিত পর্যন্ত ফি দিতে হবে না। ফলে অভিবাসন ব্যয়ও কমে যাবে।
ব্যয় কমিয়ে এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে জনশক্তি রপ্তানি শুরু করা সম্ভব হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কর্মী পাঠানো সম্ভব হবে বলে মনে করেন সচিব।
চার বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে মালয়শিয়া। এর মধ্যেও ২০১১ সালে বাংলাদেশ থেকে ৭৪২ জন কাজ নিয়ে সেখানে গেছেন।
এর আগে ২০০৮ সালে ১ লাখ ৩১ হাজার, ২০০৭ সালে ২ লাখ ৭৩ হাজার এবং ২০০৬ সালে ২০ হাজার বাংলাদেশি কর্মী মালয়শিয়া যান।
২০০৭ ও ২০০৮ সালে মালয়শিয়ায় কলিং ভিসায় কর্মী নেওয়া শুরু করলে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। এজন্য ২০০৯ সালের ২০১০ এর মার্চে মালয়শিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।
বাংলাদেশি কোনো শ্রমিককে যেন বিমানে বহন করা না হয়, তা নিশ্চিত করতে এ সংক্রান্ত চিঠি কুয়ালালামপুর অভিবাসন দপ্তর থেকে সব বিমান সংস্থাকে কাছে পাঠানো হয়। সেই থেকে মালয়শিয়ায় বাংলাদেশি শ্রমিক রপ্তানি বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/জেকে/০৮৩০ ঘ.
bdnews24