সাতক্ষীরা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রোববার থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
ভারতের ঘোজাডাঙ্গায় খালাসিদের ধর্মঘটে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, ঘোজাডাঙ্গায় শনিবার দুপুরে ট্রাক চাপায় এক খালাসি নিহত হয়। এ ঘটনায় সেখানকার খালাসিরা ধর্মঘটের ডাক দিলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দুপুরের পর আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় ঘোজাডাঙ্গা ও ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়।
ওই বৈঠকে রোববার থেকে কাজ স্বাভাবিক করার সিদ্ধান্ত হয় বলে সিএন্ডএফ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৫০ ঘ.
bdnews24