২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ শিল্পে আয় হতে পারে তৈরি পোশাকের দ্বিগুণ

প্রয়োজনীয় অবকাঠামো ও সরকারি সহায়তা পেলে এদেশে জাহাজ শিল্প থেকে বৈদেশিক মুদ্রা আয় তৈরি পোশাকের দ্বিগুণ হওয়া সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়োজনীয় অবকাঠামো ও সরকারি সহায়তা পেলে এদেশে জাহাজ শিল্প থেকে বৈদেশিক মুদ্রা আয় তৈরি পোশাকের দ্বিগুণ হওয়া সম্ভব। গাজীপুরে শুক্রবার ও শনিবার জাহাজ নির্মাণ নিয়ে আয়োজিত দু’দিনের এক সেমিনার ও প্রদর্শনীতে অংশ নেওয়া বক্তারা এ মত দেন। ‘প্রসপেক্ট অব শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি ইন দ্য ওআইসি কান্ট্রিজ’ শিরোনামের এই সেমিনার আয়োজন করে গাজীপুরের ইসলামিক ইউনিভার্র্সিটি অব টেকনোলজি (আইইউটি)। শুক্রবার সকালে আইইউটি’র কনফারেন্স সেন্টারে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত নরলিন বিনতি ওথমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। আনন্দ শিপ ইয়ার্ডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ড. আব্দুল লতিফ বিন সুলতান, আইইউটি’র উপাচার্য অধ্যাপক এম ইমতিয়াজ হোসাইন, আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম সদরুল ইসলাম। ওআইসিভুক্ত দেশগুলোর নৌ-বিশেষজ্ঞ, প্রকৌশলীরাও অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া সেমিনারে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান এবং ওআইসিভুক্ত পাঁচটি দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান অংশ নেয়। শনিবার ওই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাসহ সেমিনারে অংশ নেওয়া কর্মকর্তারা নারায়ণগঞ্জের আনন্দ শিপ ইয়ার্ড পরিদর্শন করেন। আইইউটি’র উপাচার্য অধ্যাপক এম ইমতিয়াজ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশে বাংলাদেশের জাহাজ রপ্তানি হচ্ছে। সরকার ও বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসলে এ সেক্টরটি আরো এগিয়ে যাবে। এ শিল্পের আরো বিকাশ ঘটবে। বাংলাদেশ ছাড়াও ওআইসিভুক্ত তুর্কি, ইন্দোনেশিয়া, মালেয়শিয়া, ইরান, দুবাই, ওমান, সৌদি আরব, পাকিস্তানসহ বিভিন্ন দেশে এই শিল্প স্থাপন ও বিকাশে সরকারি সহায়তার অভাব রয়েছে। উপাচার্য আরো বলেন, “প্রয়োজনীয় অবকাঠামো ও সরকারি সহায়তা পেলে আগামী পাঁচ বছর পর প্রতিবছর এ সেক্টর থেকে পাঁচ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব, যার পরিমাণ এদেশ থেকে রপ্তানি করা তৈরি পোশাকের আয়ের প্রায় দ্বিগুণ।” তাই সরকারকে এ শিল্পের বিকাশে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টির দিকে নজর দিতে হবে, বলেন তিনি। আনন্দ শিপ ইয়ার্ডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী বলেন, “আমাদের ব্যাংক ঋণ নিতে হয় প্রায় শতকরা ২০ ভাগ হার সুদে। অন্যদেশে ওই হার শতকরা ৩-৪ভাগ। তাদের সঙ্গে আমরা কুলিয়ে ওঠবো কীভাবে? “চাইনিজ শিপ ইয়ার্ডকে জাহাজ তৈরিতে পুরো টাকা দেয় সে দেশের সরকার। তুরস্ক সরকার জাহাজ নির্মাণ কারখানাকে বলে দিয়েছে- তোমরা জাহাজ বানাও, খরচ সরকার দেবে। বিক্রি করে টাকা শোধ করে দিও, বলেন তিনি। শিপ ইয়ার্ড তৈরিতে নদীর পাড়ে যে পরিমাণ জমি দরকার তা পেতেও প্রতিবন্ধকতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.