সাতক্ষীরা, সেপ্টেম্বর ০১ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক চাপায় খালাসি নিহত হওয়ার ঘটনায় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে এই দুর্ঘটনার পর শনিবার দুপুর দেড়টা থেকে সেখানকার খালাসিরা আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, দুপুরে ঘোজাডাঙ্গায় বিশ্বজিত (২৭) নামে এক খালাসি ট্রাক থেকে মালামাল নামাচ্ছিলেন। এ সময় অপর একটি মালভর্তি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপরই খালাসিরা আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।
সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত মালবাহী ১৩৮টি ট্রাক ভারত থেকে এদেশে প্রবেশ করলেও বর্তমানে শতাধিক ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলেও জানান অহিদুল ইসলাম।
তিনি বলেন, আমদানি-রপ্তানি পুনরায় শুরু করার জন্য ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল সরকারের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০১ ঘ.
bdnews24