ব্যাঙ্গালোর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানি কোম্পানি হোন্ডা মটরস যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে মোটর সাইকেল তৈরি করতে চায় বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় একটি সংবাদপত্র।
জাপানের বাণিজ্য বিষয়ক প্রভাবশালী সংবাদপত্র নিকি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিবছর ১০ থেকে ২০ হাজার মোটর সাইকেল তৈরির লক্ষ্যে স্থানীয় অংশীদারকে নিয়ে একটি কারখানা স্থাপন করবে হোন্ডা।
হোন্ডা’র মোটর সাইকেল এর আগে ভারতের কোম্পানি হিরোর মাধ্যমে বাংলাদেশে আসত। তবে ২০১১ সালে হিরোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জাপানি কোম্পানিটি।
বাংলাদেশের স্থানীয় বাজার ধরতেই এই মোটর সাইকেল তৈরি করা হবে। বাংলাদেশে প্রস্তাবিত কারখানায় মোটর সাইকেল সংযোজন হবে, এর যন্ত্রাংশ আসবে ভারত ও পাকিস্তান থেকে।
বাংলাদেশে বর্তমানে প্রতিবছর ১ লাখ মোটর সাইকেল বিক্রি হয় বলে নিকির প্রতিবেদনে বলা হয়েছে। এর বাজার প্রায় পুরোটাই ভারত ও চীনের দখলে।
তবে বাংলাদেশি কোম্পানি ওয়ালটন দেশে কারখানা বসিয়ে মোটর সাইকেল তৈরি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৪৭ ঘ.
bdnews24