২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরো কিছুটা সময় পেলাম’

এডিবি ও জাইকার ঋণচুক্তির মেয়াদ বাড়ানোর পর পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনার ক্ষেত্রে আলোচনার জন্য সরকার আরো সময় পেয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ঋণ চুক্তির মেয়াদ বাড়ানোয় পদ্মা সেতু নির্মাণে অর্থায়নে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে আলোচনার আরো কিছুটা সময় পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিশ্ব ব্যাংককে পদ্মা সেতু প্রকল্পে ফিরিয়ে আনতে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। এর অংশ হিসেব এডিবি ও জাইকা তাদের ঋণ চুক্তি মেয়াদ আরেক দফা বাড়িয়েছে। “এর ফলে পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনার জন্য আরো কিছুটা সময় পেলাম আমরা।” এর আগে বৃহস্পতিবার এডিবি ও জাইকা চুক্তির মেয়াদ আরো এক মাস বাড়ানোর ঘোষণা দেয়। ওই ঘোষণার পর পরই মুহিত বলেছিলেন, “পদ্মা সেতু হবেই হবে।” বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর জটিলতার মধ্যে থাকা পদ্মা সেতু প্রকল্পে এডিবি ও জাইকার ঋণচুক্তির মেয়াদ ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তখন প্রথম দফায় চুক্তির মেয়াদ এক মাস বাড়ানো হয়। বৃহস্পতিবার বাড়ানো হয় এখন দ্বিতীয় দফায় আরো এক মাস। ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে এডিবি ৬১ কোটি ৫০ লাখ এবং জাইকা ৪০ কোটি ডলার দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে গত বছর চুক্তি করে। প্রকল্পের প্রধান অর্থায়নকারী সংস্থা বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ তুলে গত জুন মাসে ঋণচুক্তি বাতিল করে তারা। এই প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংক-আইডিবিও ১৪ কোটি ডলার ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনায় ইতিবাচক ফল পাওয়ার আশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, “আমরা আশা করছি পদ্মা সেতুর বিষয়ে এবার সফল পরিসমাপ্তি ঘটবে।” পদ্মা প্রকল্প নিয়ে জটিলতার শুরু গত বছর সেপ্টেম্বরে। তখন দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি জানিয়ে অর্থায়ন বাতিল করে তারা। তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২২৪০ ঘ.