২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের চটে শুল্ক হ্রাসে তেহরানকে ঢাকার অনুরোধ

রপ্তানিজাত পাটের চটের ওপর শুল্ক হ্রাস, ঢাকা ও তেহরানের মধ্যকার বিমান চলাচল পুণরায় চালুর জন্য ইরানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানিজাত পাটের চটের ওপর শুল্ক হ্রাস, ঢাকা ও তেহরানের মধ্যকার বিমান চলাচল পুণরায় চালুর জন্য ইরানকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ইরানে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদেরকে বৈধতা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার তেহরানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহীর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বৈঠকে তারা উভয়ই দু’দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা ২০১৩ সালের মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ইরানের মধ্যকার যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠককেও স্বাগত জানান। ইরান আগামী তিন বছরের জন্য ন্যামের সভাপতি হিসাবে নিবার্চিত হয়েছে। বৈঠককালে সালেহী এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা কামনা করলে দীপু মনি তাকে আশ্বস্ত করেন। দু’দিনব্যাপী (অগাস্ট ৩০-৩১) ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে তেহরানে রয়েছে। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সম্মেলনে বক্তব্য দেন। এ ছাড়া ইরানি রাষ্ট্রপতি আহমাদিনেজাদ এবং শ্রীলংকান রাষ্ট্রপতি মাহিন্দ্র রাজাপাকসের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে বুধবার তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসকেবি/এএল/২২০৩ ঘ.