২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক কেলেঙ্কারি: আরো ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

হলমার্ক কারসাজির ঘটনায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান শাখার আরো পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কারসাজির ঘটনায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান শাখার আরো পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- সোনালী ব্যাংকের জিএম (বর্তমানে অবসরকালীন ছুটিতে রয়েছেন) মিসেস সবিতা সিরাজ, ডিজিএম আনম হেদায়েত উল্লাহ, এজিএম আশরাফ আলী পাটোয়ারী, এজিএম গোলাম নবী মল্লিক এবং জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে সর্বপ্রথম দুদক কার্যালয়ে উপস্থিত হন মিসেস সবিতা সিরাজ। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তদন্ত কাজের জন্য প্রয়োজনীয় কিছু তথ্যের জন্য আমাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে এবং আমি তা দিয়েছি।” তবে এ বিষয়ে অন্য কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান সবিতা সিরাজ। এ ছাড়া দুদকে উপস্থিত হওয়া অপর চার কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। মিথ্যা তথ্যের ভিত্তিতে সোনালী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকটির ২২ জনকে জিজ্ঞাসাবাদ করা হল। আগামী রোববার হলমার্ক গ্র“পের চেয়ারম্যান এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের সোনালী ব্যাংক থেকে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক তাদের জিজ্ঞাসাবাদ করেছে। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নের্তৃত্বে ছয় সদস্যের এক বিশেষ টিম এই অর্থ কারসাজির বিষয়টি তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৮২২ ঘ.