২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থ কেলেঙ্কারির দায় রাষ্ট্র এড়াতে পারে না’

সোনালী ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় রাষ্ট্র দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 09:05 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

রংপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় রাষ্ট্র দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। রাষ্ট্রায়ত্ত্ব এ ব্যাংকের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার যদি এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা ধরে নেব, রাষ্ট্রের এ ক্ষেত্রে বদান্যতা রয়েছে।” “সোনালী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের ঘটনা দেখার দায়িত্ব আমার-আপনার নয়। রাষ্ট্র এর দায় এড়াতে পারে না,” যোগ করেন মিজানুর। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংকের ৩ হাজার ৮০০ কোটি টাকা দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে এতে বলা হয়েছে। এই অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ না নিলে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে জবাব চাওয়া হবে বলেও ঘোষণা দেন মিজানুর রহমান। দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানবাধিকার উন্নয়নে সচেতনতা সৃষ্টি শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব তাজুল ইসলাম চৌধুরী, রংপুর পুলিশের ডিআইজি বিনয় কৃষ্ণ বালাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১৫০২ ঘ.