২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকে অনিয়মদায় অস্বীকার পরিচালনা পর্ষদের

রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংক থেকে দুর্নীতির মাধ্যমে তিন হাজার ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার দায় স্বীকার করেনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংক থেকে দুর্নীতির মাধ্যমে তিন হাজার ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার দায় স্বীকার করেনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেধন পাঠানোর পরই সভা করে পরিচালনা পর্ষদ এ অবস্থান নেয়। এই অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে ব্যাংক কোম্পানি অধ্যাদেশ ১৯৯১ এর ৪৬ (৬) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠায়, যাতে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সুপারিশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই অনিয়মের ধরন খুবই গুরুতর এবং এটা বিশ্বাসযোগ্য নয় যে, এই ধরনের দুর্নীতি পরিচালনা পর্ষদের নজরে আসেনি। বুধবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা শেষে ব্যাংকটির পরিচালক কেএম জামাল রোমেল সাংবাদিকদের বলেন, “দায়িত্ব পালনে আমাদের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমরা মনে করিনা।” “সোনালী ব্যাংক অত্যন্ত সিরিয়াস এবং জুডিশিয়াল। আমরা খুব অল্প সময়ের মধ্যে এ দুর্নীতি উদ্ঘাটন করতে পেরেছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে।” রোমেল জানান, ইতোমধ্যে তিনজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বাকীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে এই দুর্নীতি হয়েছে। পরিচালনা পর্ষদ ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে না। হলমার্ক গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান মিলে সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় স¤প্রতি আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সোমবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া এ ঘটনায় জড়িত থাকার জন্য সদ্য বিদায় নেওয়া ব্যবস্থাপনা পরিচালকসহ ৩২ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ জানায় বাংলাদেশ ব্যাংক। হলমার্ক গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা জানতে চাইলে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত বলেন, “আমরা অর্থ উদ্ধারের জন্য হলমার্কের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রাখছি। তাদের দুই হাজার ৬৬৮ কোটি টাকার ঋণের বিপরীতে এ পর্যন্ত আমরা ৩৩৭ কোটি টাকা আদায় করেছি। “এছাড়া তারা আমাদেরকে ৪৬.৫ একর জমি বন্ধক দিয়েছে এবং আরো ১৩ শ’ একর জমি বন্ধকের প্রক্রিয়াধীন আছে।” অডিট রিপোর্ট অনুযায়ী এই দুর্নীতি সঙ্গে জড়িত সোনালী ব্যাংকের ৩২ জন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জিজ্ঞেস করা হলে ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ূন জানান, ইতোমধ্যে তিন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। বাকী ২৯জনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুয়া তথ্য-প্রমাণের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নেওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলো- হলমার্ক গ্রুপ (২৬৬৭ কোটি টাকা), টি অ্যান্ড ব্রাদার্স গ্রুপ (৬৮৫ কোটি টাকা) ও অ্যারাগন গ্রুপ (১৪৪ কোটি টাকা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরবি/এইচএ/২২০৮ ঘ.