২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের ফেরা অনিশ্চিত: কাদের

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে আসার নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে আসার নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ব ব্যাংক ফিরে আসবে- এ ব্যাপারে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি।” অর্থ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ বিষয়ে কাজ করছে বলে জানান যোগাযোগমন্ত্রী। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের পদ্মা প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করলেও তাদের ফেরানোর চেষ্টায় রয়েছে সরকার। বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল হলেও এডিবি ও জাইকার ঋণচুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত রয়েছে। প্রকল্পটি রাখতে হলে এই সময়ের মধ্যে বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতায় আসতে হবে সরকারকে। বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যে মালয়শিয়া পদ্মা সেতু নির্মাণে আগ্রহ দেখায়। সমঝোতা স্মারক সইয়ের পর দুই দিন আগে তারা চূড়ান্ত প্রস্তাবও দিয়েছে। প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “কৌশলগত কারণে সব কিছু বলা যাচ্ছে না। তাদের প্রস্তাবটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।” মালয়শিয়ার মাধ্যমে পদ্মা সেতু নির্মাণ হলে ব্যয় বেশি হওয়ার যে কথা অনেকে বলছেন, সে বিষয়ে মন্ত্রী বলেন, “জনগণকে অতিরিক্ত অর্থের চাপ সইতে হবে এমন কোনো চুক্তি করব না। “মালয়শিয়া আগে যে খরচ দেখিয়েছিল, আমাদের অনুরোধে চূড়ান্ত প্রস্তাবে তার চেয়ে কম খরচ দেখিয়েছে,” যোগ করেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর জরুরি মেরামত চলাকালীন বিকল্প সড়কগুলোতে যানবাহন ও সড়ক ব্যবহারকারীদের চলাচল সমন্বয় সাধন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের। মেরামতের জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী সাত দিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুতে চলাচল বন্ধ থাকবে। এ সময় সেখানকার ফেরি সার্ভিসও বন্ধ থাকায় সেতু মেরামতকালীন সময় বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। মন্ত্রী জানান, সেতু দুটি মেরামত কাজ ও অন্যান্য বিষয় সমন্বয়ের জন্য সড়ক বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফরিদ উদ্দিন আহম্মদকে প্রধান করে একটি যৌথ সমন্বয়ক সেল গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১২৫৫ ঘ.