ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরানোর চেষ্টা এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার অর্থমন্ত্রীর বিবৃতি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।
সকালে সাংবাদিকরা অর্থ মন্ত্রণালয়ে গেলে কর্মকর্তারা জানান, ওই বিবৃতি প্রকাশ স্থগিত করা হয়েছে।
তবে কার্যালয়ে ঢোকার সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমার হাতে এখনো দুই দিন সময় রয়েছে। এরপর আমি কথা বলব।”
পদ্মা প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক গত জুন মাসে সরে গেলেও প্রকল্পের অংশীদার এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ায়। প্রকল্পটি রাখতে হলে এই সময়ের মধ্যে বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতায় আসতে হবে সরকারকে।
মসিউর রহমানের পদত্যাগের গুঞ্জন এবং পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে সোমবার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, এ বিষয়ে বুধবার তার বিবৃতি পাওয়া যাবে।
অর্থমন্ত্রী গত শনিবার বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার সব বাধা-বিপত্তি কেটে যাচ্ছে বলে জানালেও সোমবার একাধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান শর্ত অনুযায়ী পদত্যাগে রাজি না হওয়ায় বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে না।
সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মুহিত।
গত বছর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি জানিয়ে গত জুনে অর্থায়ন বাতিল করে তারা।
তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান।
ঈদের ছুটির পর গুঞ্জন শুরু হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউরকে সরে দাঁড়াতে হচ্ছে। এ নিয়ে শনিবার কয়েকটি দৈনিক পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়।
২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাকি অর্থের বেশিরভাগ দেওয়ার কথা এডিবি, আইডিবি ও জাইকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচ/এমআই/১২২০ ঘ.
bdnews24