ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসরকারি খাতের ১০টি প্রতিষ্ঠানকে প্রায় ১১ কোটি ডলারের বিদেশি ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈদেশিক ঋণ অনুমোদনের জন্য যাচাই কমিটির ৬৭তম সভায় এ ঋণ অনুমোদন করা হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ কোটি ৯২ লাখ ডলারের মধ্যে সিলভান এগ্রিকালচার লিমিটেডকে ২ দশমিক ৫১ কোটি ডলার, বঙ্গ বিল্ডার্স লিমিটেডকে ২ কোটি ডলার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডকে দেড় কোটি ডলার, এমআই সিমেন্ট ফ্যাক্টরিকে দেড় কোটি ডলার, ইউনিভার্সাল ম্যানসওয়্যার লিমিটিডকে ৫০ লাখ ডলার, ডিএনভি ক্লোদিং লিমিটেডকে ৪০ লাখ ডলার এবং অবশিষ্ট আরো দু’টি প্রতিষ্ঠানকে বাকি ঋণ অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও কমিটির আহ্বায়ক ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ডের প্রতিনিধিসহ কমিটি সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এসইউ/১৯৪৯ ঘ.
bdnews24