২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাল ছাড়ছেন না মুহিত

“হতাশ হওয়ার মতো কিছু এখনো ঘটেনি, আমার কাছে এখনো ৩১ অগাস্ট পর্যন্ত সময় আছে,” বিশ্ব ব্যাংককে ফেরানোয় আশাবাদী অর্থমন্ত্রীর বক্তব্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে না আসাটা চূড়ান্ত বলে গুঞ্জন থাকলেও এখনো হাল ছাড়তে নারাজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংস্থাটির ফেরার আশা এখনো করছেন তিনি। অর্থমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমার হাতে এখনো ৩১ অগাস্ট পর্যন্ত সময় রয়েছে। তোমরা হতাশ হয়ো না। হতাশ হওয়ার মতো কিছু এখনো ঘটেনি।” সব শর্ত পূরণ না হওয়ায় পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ফিরে আসছে না বলে গত দুদিন ধরে সংবাদপত্রে খবর প্রকাশের মধ্যেই এই কথা বললেন মুহিত। বুধবার পদ্মা প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়ে তার সংবাদ সম্মেলনের কথা রয়েছে। পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি উপদেষ্টা মসিউর রহমানের পদত্যাগের মধ্য দিয়ে বিশ্ব ব্যাংকের ফেরার একটি গুঞ্জন থাকলেও প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার পদত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি। পদ্মা প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক গত জুন মাসে সরে গেলেও প্রকল্পের অংশীদার এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ায়। প্রকল্পটি রাখতে হলে এই সময়ের মধ্যে বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতায় আসতে হবে সরকারকে। দুর্নীতির অভিযোগ তুলে গত জুন মাসে বিশ্ব ব্যাংক দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করে। এরপর সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাকি অর্থের বেশিরভাগ দেওয়ার কথা এডিবি, আইডিবি ও জাইকার। বিশ্ব ব্যাংককে ফেরানোর চেষ্টার বিষয়ে মুহিত কয়েকদিন আগেও বলেন, “তারা অর্থায়ন করলে এ নিয়ে আমাদের যে ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে, তা পুনরুদ্ধার হবে।” মুহিত বলছেন, বিশ্ব ব্যাংককে ফেরানোর জন্য একটি চিঠি তিনি তৈরি রেখেছেন। আলোচনায় ইতিবাচক সাড়া মিললেই ওই চিঠি পাঠানো হবে। গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তোলার পর কয়েকটি শর্ত সরকারকে দিয়েছিল বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি বলে অভিযোগ জানিয়ে গত ২৯ জুন অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত জানায় তারা। অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯০৫ ঘ.