ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বহুতল খাদ্য গুদাম নির্মাণসহ ১ হাজার ১৮ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার শেরোবাংলা নগরেরর এনইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।
তিনি জানান, প্রকল্প ব্যয়ের মধ্যে ৫৩৫ কোটি আসবে বিদেশি উৎস থেকে এবং বাকি ৪৮৩ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।
অনুমোদিত প্রকল্পগুলো হলো- ১৫৯ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের ‘ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রকল্প’, ৩১৯ কোটি টাকা ব্যয়ে কৃষি মন্ত্রণালয়ের ‘খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প’, ৫০ কোটি টাকা ব্যয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণীরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রকল্প’।
২৬৫ কোটি টাকা ব্যয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘বগুড়ার সান্তাহারের শস্য সাইলো চত্বরে বহুতল খাদ্য গুদাম নির্মাণ প্রকল্প’ এবং ২২৫ কোটি টাকা ব্যয়ে রেলপথ মন্ত্রণালয়ের ‘পূর্বাঞ্চলের চিনকী আস্তানা থেকে চট্টগ্রাম সেকশনের ১১টি স্টেশনে বিদ্যমান সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ প্রকল্প’।
সান্তাহারে খাদ্য গুদাম নির্মাণের বিষয়ে পরিকল্পনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, আপদকালীন খাদ্য ঘাটিত মোকাবেলার জন্য খাদ্যশস্য মজুদ ও সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি এবং খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখার স্বার্থে প্রকল্পটি প্রণীত হয়েছে।
এদিকে ঢাকার শেরেবাংলা নগরের চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল স্থাপনের কাজে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে একটি আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব একনেকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূঁইয়া সফিকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭৫৬ ঘ.
bdnews24