ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলপথ ব্যবস্থাপনা উন্নত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১৫ কোটি ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার।
সোমবার ঢাকায় বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ ও এডিবির পক্ষে সংস্থার আবাসিক প্রতিনিধি এম থেরেসা খো চুক্তিতে সই করেন।
ইআরডি সচিব বলেন, এই ঋণ সহায়তার আওতায় টঙ্গী ও ভৈরব বাজারের মধ্যে ডাবল ট্র্যাকের ৬৪ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের অতিরিক্ত অর্থায়ন, ঈশ্বরদী ও দর্শনার মধ্যে ১১টি স্টেশনের সিগনালিং ব্যবস্থা উন্নতকরণ এবং দর্শনা-ঈশ্বরদী-সিরাজগঞ্জ বাজার সেকশনের বিভিন্ন স্টেশনের ইয়ার্ডের পুনর্বাসন ও লুপ সম্প্রসারণের কাজ করা হবে।
লন্ডন ইন্টার ব্যাংক অফারড্ রেটসহ (লাইবর) ১ শতাংশ সুদে প্রদেয় এই ঋণ ৫ বছরে গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
ইকবাল মাহমুদ বলেন, বাংলাদেশের রেলপথের সার্বিক উন্নতি ও সংস্কারের লক্ষ্যে ২০০৬ সালে সরকার ও এডিবির মধ্যে সই হওয়া ৪৩ কোটি ডলারের ঋণচুক্তির অংশ হিসেবে এই সহায়তা পাচ্ছে বাংলাদেশ।
মূলচুক্তি অনুযায়ী পুরো ঋণ সহায়তা চারভাগে ছাড় করার কথা রয়েছে। এর মধ্যেই এডিবি টঙ্গী-ভৈরব বাজার সেকশনের ড্রাবল ট্র্যাক নির্মাণ ও সংস্কার সম্পন্ন করার জন্য ১৩ কোটি ডলার ছাড় করেছে।
২০০৬ সালে চুক্তি সই হলেও অর্থ ছাড়ে এত দেরির কারণ জানতে চাইলে সচিব বলেন, রেলপথ খাতে চলমান সংস্কারের কারণে দেরি হচ্ছে।
তিনি বলেন, “আমরা সবাই আগে এই খাতের সংস্কার চাই।”
এডিবির আবাসিক প্রতিনিধি বলেন, সংস্কার ও অবকাঠামো উন্নয়ন হলে তা কন্টেইনার পরিবহনের ক্ষমতা ১০ শতাংশ বাড়াতে সাহায্য করবে এবং ২০২০ সাল পর্যন্ত টঙ্গী-ভৈরব বাজার সেকশনের দৈনিক ট্রেনের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পাবে।
তিনি বলেন, “এই উন্নয়নের ফলে ব্যবহারকারীদের জন্য পরিচালনা ব্যয় কমে যাবে এবং বিনিয়োগের জন্য বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/১৯৩৬ ঘ.
bdnews24