২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবনে সিনার ৫০ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর বলছে, পরিবেশ ছাড়পত্র ছাড়া গত ১৮ বছর ধরে গাজীপুরের কালিয়াকৈরে কারখানা স্থাপন করে ওষুধ উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালিত হওয়ায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া গত ১৮ বছর ধরে গাজীপুরের কালিয়াকৈরে কারখানা স্থাপন করে ওষুধ উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলী ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের অন্যতম পরিচালক। এটি ইবনে সিনা গ্র“পের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের একটি দল ওই কারখানায় আকস্মিক অভিযান চালিয়ে ছাড়পত্র না থাকার বিষয়টি উদঘাটন করে। পরিদর্শক দল গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওই কারখানায় গেলে কারখানার কর্মকর্তারা তা পরিদর্শনে বাধা দেওয়ার পাশাপাশি তথ্য দেওয়ার ক্ষেত্রে অসহযোগিতা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। ‘রোববার কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার ও কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ শহীদ ফারুকি, প্ল্যান্ট ম্যানেজার ড. রফিকুল হক, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার আব্দুল খালেক ও ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) প্রকৌশলী মমতাজুল করিম শুনানিতে হাজির হয়ে পরিবেশ ছাড়পত্রবিহীনভাবে কারখানা নির্মাণ ও পরিচালনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। তারা জানান, এ ঘটনা নিতান্তই তাদের অজ্ঞতা।’ পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানাটিকে ৫০ লাখ টাকা জরিমানা করেন। এ প্রসঙ্গে মুনীর চৌধুরী জানান, “১৮ বছর ধরে একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বেআইনিভাবে চালানো- পরিবেশ আইন অমান্যতার এক নজিরবিহীন ঘটনা। তাই এ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে, যাতে সর্বক্ষেত্রে পরিবেশ আইন মান্যতা প্রতিষ্ঠিত হয়।” ১৩ একর আয়তনের জমিতে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ১৬৮ ধরনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টি হিস্টামিন, অ্যান্টি আলসারেন্ট, অ্যান্টি পাইরেটিকসহ বিভিন্ন ওষুধ তৈরি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএল/এমআই/১৭০০ ঘ.