সান হোসে, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেটেন্ট আইন লঙ্ঘন করায় অ্যাপলকে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে স্যামসংকে।
যুক্তরাষ্ট্রের একটি আদালত শুক্রবার এই আদেশ দিয়েছে। স্যামসংয়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এটা অ্যাপলের বড় বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আদালতের বিবেচনায় জনপ্রিয় আইফোন ও আইপ্যাডের বেশ কিছু বৈশিষ্ট্য নকল করেছে কোরিয়ান কোম্পানি স্যামসং, যে সফটওয়্যারের পেটেন্ট অ্যাপলের নেওয়া। আর এক্ষেত্রে স্যামসংয়ের যুক্তি আদালত গ্রহণ করেনি।
যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাপল এখন সে দেশের বাজারে স্যামসংয়ের কিছু পণ্য আমদানি নিষিদ্ধের আবেদন জানাতে পারে। এদিকে এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে স্যামসং।
বিশ্বে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের বাজারের অর্ধেকই যুক্তরাষ্ট্র ও কোরিয়ার এই দুটি কোম্পানির নিয়ন্ত্রণে। আর এই দুই কোম্পানির মধ্যে রেশারশি চলছে বেশ কয়েক বছর ধরে।
অ্যাপলের অভিযোগ, তাদের আইফোন প্রায় নকল করে বাজারে স্মার্ট ফোন এনেছে স্যামসং।
এ নিয়ে তাদের আপত্তির মুখে শুক্রবারই দক্ষিণ কোরিয়ার একটি আদালত স্যামসংয়ের পক্ষে রায় দিয়ে বলেছে, কোরিয়ান কোম্পানিটি পেটেন্ট বা মেধাসত্ত্ব আইন লঙ্ঘন করেনি।
তবে একই দিন বিপরীত রায় দিয়ে ক্যালিফোর্নিয়ার আদালত বলল, স্যামসং মেধাসত্ত্ব আইন লঙ্ঘন করেছে।
সান হোসের আদালতের নয়জন জুরি দুই পক্ষের বক্তব্য শোনার পর সর্বসম্মত সিদ্ধান্ত জানানোর জন্য প্রায় তিন দিন সময় নেন।
অ্যাপল ক্ষতিপূরণ হিসেবে ২৫০ কোটি ডলার দাবি করলেও তাদের সব যুক্তি আদালত গ্রহণ করেনি। ফলে আদেশ হয়েছে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার।
আদালত বলেছে, গ্যালাক্সি এস ফোর-জিসহ স্যামসংয়ের কয়েকটি হ্যান্ডসেট আপলের আইফোনের আদলে তৈরি হয়েছে এবং এর পরিচালনা পদ্ধতিও আইফোনের মতোই।
আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেছে অ্যাপল। তবে স্যামসং বলেছে, এটা যুক্তরাষ্ট্রের ভোক্তাদের জন্য দুঃসংবাদ বয়ে আনবে। তথ্য প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে তাদের পছন্দ সীমাবদ্ধ হয়ে পড়বে, আর দাম দিতে হবে বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০১৫ ঘ.
bdnews24