ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার খোলার আগেই দেশটিতে তালিকাভুক্ত সোর্সিং কান্ট্রি (উৎস দেশ) হিসেবে জনশক্তি রপ্তানির সুযোগ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।
এজন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জোরালো অবস্থান নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা।
মালয়েশীয় প্রতিনিধি দল আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে। ওই সময় তাদের সঙ্গে আলোচনায় এ বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে।
সরকারের এ অবস্থানের কথা স্বীকার করে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বৃহস্পতিবার বলেন, বর্তমানে ১৩টি উৎস দেশ (সোর্সিং কান্ট্রি) থেকে জনশক্তি নেয় মালয়েশিয়া। বাংলাদেশও সেখানে উৎস দেশ হতে চায়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবও দেওয়া হয়েছে।
তিনি বলেন, “এটা হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সহজ হবে এবং খরচও কমে যাবে। এটি জনশক্তি নেওয়ার স্থায়ী ব্যবস্থা। এতে আর কলিং ভিসার মতো নির্দিষ্ট সংখ্যক কর্মী নেওয়ার পর জনশক্তি নেওয়া বন্ধের আর সুযোগ থাকবে না।”
মালয়েশিয়াও তাদের শ্রমবাজারের জন্য বাংলাদেশকে উৎস দেশ করার কথা ভাবছে। আগামী মাসে আলোচনায় বিষয়টি নিয়ে দৃঢ় অবস্থান নেবে বাংলাদেশ।
“এতে তারা রাজি না হলে অস্থায়ী ভিত্তিতে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করা হবে কি না, তা ভেবে দেখা হবে,” বলেন জাফর আহমেদ।
গত ১১ অগাস্ট মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতুক সেরি এস সুব্রামানিয়াম এক অনুষ্ঠানে বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার খোলার আগে প্রস্তুতি সরজমিন দেখতে তিনি নিজেই বাংলাদেশ সফর করবেন। এ সফরে মানবসম্পদ মন্ত্রণালয় ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিয়োগ কর্তাদের প্রতিনিধিরাও তার সঙ্গে থাকবেন।
মালয়েশিয়ার শিল্প-প্রতিষ্ঠানেও কর্মীর সংকট এবং এজন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নেওয়ার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ব্যাপারে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রম তারা পর্যবেক্ষণ করবেন।
“এজন্য আগে সঠিক পদ্ধতি ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। এরপরই বাংলাদেশি শ্রমবাজার খোলা হবে। অন্যথায় এ বাজার খুলবে না।”
প্রবাসী কল্যাণ সচিব বলেন, উৎস দেশ হলে বাংলাদেশকে কর্মী প্রতি এক হাজার ২০০ থেকে দুই হাজার মালয়েশীয় রিঙ্গিত পর্যন্ত ফি দিতে হবে না। এ ব্যয় থেকে কর্মীরা রেহাই পাবে। ফলে সেদেশে অভিবাসন ব্যয়ও কমে আসবে।
ব্যয় কমিয়ে এবং স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করে জনশক্তি রপ্তানি শুরু করা গেলে মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কর্মী পাঠানো সম্ভব হবে বলেও জানালেন সচিব।
চার বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। এর মধ্যেও ২০১১ সালে বাংলাদেশের ৭৪২ জন কর্মী মালয়েশিয়া গেছে। এর আগে ২০০৮ সালে এক লাখ ৩১ হাজার, ২০০৭ সালে দুই লাখ ৭৩ হাজার এবং ২০০৬ সালে ২০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যায়।
২০০৭ ও ’০৮ সালে মালয়েশিয়া কলিং ভিসায় কর্মী নেওয়া শুরু করলে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। একারণে ’০৯ সালের ১০ মার্চ মালয়েশীয় কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
মালয়েশিয়াগামী বাংলাদেশি শ্রমিককে যেন কোনো ফ্লাইটে বহন না করা হয়, তা নিশ্চিত করতে এ সংক্রান্ত চিঠি কুয়ালালামপুর অভিবাসন দপ্তর থেকে সব বিমান সংস্থা বরাবর পাঠানো হয়। সেই থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে।
তবে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানামুখী তৎপরতায় স¤প্রতি মালয়েশিয়া আবারো বাংলাদেশি শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে তারা দুই দেশের সরকারি পর্যায়ে জনশক্তি নিতে চায়। বাংলাদেশ সরকারও এতে একমত এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১২৬ ঘ.
bdnews24