২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ দ্বিগুণ করবে আইএফসি

পদ্মা সেতু নিয়ে সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের মতানৈক্যের মধ্যেই সংস্থাটির শাখার নির্বাহী প্রধান এই তথ্য জানালেন। শেখ শাহরিয়ার জামানের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 05:37 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

শেখ শাহরিয়ার জামান জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে চলতি অর্থবছরে বর্তমান মোট বিনিয়োগ ২৫ কোটি ডলার ডলার থেকে বাড়িয়ে ৪০ থেকে ৬০ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ব্যাংকের শাখা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। পদ্মা সেতু প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংকের মতানৈক্যের মধ্যেই আইএফসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিইও রাশাদ কালদানি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ও আইএফসির প্রকল্পগুলোতে সরকারের সহায়তা বিশ্ব ব্যাংকের এই বিনিয়োগ শাখাকে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে উৎসাহিত করেছে। “এক দশকে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনসহ বাংলাদেশের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং সরকারও গত দুই বছরে শুরু হওয়া আমাদের প্রকল্প ও কার্যক্রমের প্রতি মনোযোগী হয়েছে।” ২০০০ সাল থেকে আইএফসির মোট বিনিয়োগ ২৫ কোটি ডলারের মধ্যে গত দুই বছরে সংস্থাটি ২২ কোটি ডলার ঋণ দিয়েছে। কালদানি বলেন, ২০১০-১১ অর্থবছরে আইএফসি নয়টি প্রকল্প হাতে নেয় যেখানে গত অর্থবছরে সাতটি প্রকল্প নিয়েছিল। আর চলতি অর্থবছরে সংস্থাটি ১২ থেকে ১৪টি প্রকল্প গ্রহণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। বাংলাদেশে পরিচিত মুখ কালদানি গত ১২ অগাস্ট একটি আঞ্চলিক সফরে ঢাকায় আসেন এবং ১৪ অগাস্ট ভুটানের উদ্দেশে যাত্রা করেন। তার ভারত সফরেরও কথা রয়েছে। ১৯৯৭ ও ২০০০ সালের মধ্যে কালদানি ভারতে দায়িত্ব পালন করেন এবং তখন কয়েকবার তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। বিদ্যুৎ খাত আগামী দুই থেকে তিন বছরে আইএফসি চারটি বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী। কালদানি বলেন, “বিদ্যুৎ কেন্দ্রগুলো ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন হবে। এর মধ্যে একটি প্রকল্পে এ বছরই অর্থায়ন করা হবে।” তিনি বলেন, আইএফসি খুলনা বিদ্যুতকেন্দ্র প্রকল্পে অর্থায়ন করেছে এবং এটা খুবই সফল হয়েছে। ব্যাংকিং খাতেও দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহের কথা জানিয়ে কালদানি বলেন, “গত বছর আমরা এখাতে তারল্য সরবরাহে সহযোগিতা করেছি এবং আমরা তিন বা চারটি ব্যাংকের শেয়ার কিনতে আগ্রহী।” বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক ভূমিকা রাখায় ও উল্লেখযোগ্য সংখ্যক কর্মসংস্থান তৈরিতে অবদান রাখা বস্ত্রখাত ও কৃষি বাণিজ্যেও বিনিয়োগ করতে আগ্রহী আইএফসি। “বস্ত্র ও তৈরি পোশাক খাতে ঋণ দিলে আমাদেরকে ডলারে পরিশোধ করা হয়। এ জন্য আমরা এ দুটি খাতে আমরা কয়েকটি প্রকল্পে ঋণ দিতে আগ্রহী,” বলেন আইএফসি নির্বাহী প্রধান। প্রকল্প বাছাই অর্থায়নের জন্য যে কোনো প্রকল্প বাছাই করার আগে আইএফসি এর উন্নয়ন প্রভাব বিবেচনা করে থাকে বলে জানান কালদানি। তিনি বলেন, অবকাঠামো, কৃষি বা হাসপাতালের মতো সামাজিক সেবায় ইতিবাচক প্রভাব রয়েছে এবং আইএফসি এই ধরনের প্রকল্পের পক্ষে। কোনো প্রকল্প অনুমোদনের আগে আইএফসি উদ্যোক্তাদের শক্তি বিবেচনা করে। সুদের হারের বিষয়ে তিনি বলেন, ভর্তুকির ব্যবস্থা না থাকায় আইএফসি বাজারভিত্তিক সুদের হার নির্ধারণ করে। সুদের হার ঋণগ্রহিতাদের শক্তি ও প্রকল্পের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে।” তহবিল সংগ্রহ বেসরকারি খাতের উন্নয়নের জন্য তহবিল সংগ্রহে সরকারের সঙ্গে কাজ করতে চায় আইএফসি। কালদানি বলেন, “সরকার বেসরকারি খাতের জন্য তহবিল সংগ্রহ করতে চাইলে আমরা নিজেরাই শুধু তহবিলে বিনিয়োগ করব না, অন্যদেরকেও এতে অংশ নিতে উৎসাহিত করব।” আইএফসি বাংলাদেশে ফ্রন্টিয়ার তহবিলে ১ কোটি ডলার দিয়েছে এবং অন্যান্য বিনিয়োগকারীদের থেকে ৯ কোটি ডলার যোগাড় করে দিয়েছে জানিয়ে তিনি বলেন, “এখন এটা বাংলাদেশের খুচরা, বস্ত্র ও ব্যাটারি প্রস্তুতকারক কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছে।” প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগকারীরা অনেক বিষয় বিবেচনা করে। বাজার, কর, বিচার ব্যবস্থা ও আরো কিছু বিষয় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলে উল্লেখ করে তিনি বলেন, “সরকারের ভূমিকা হচ্ছে বিনিয়োগকারীদের নিশ্চিত করতে আইনি রূপরেখা উন্নয়ন অব্যাহত রাখা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/২৩৩০ ঘ.