২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তা নিয়ে ইকোনমিস্টের প্রতিবেদন প্রত্যাখ্যান খাদ্যমন্ত্রীর

আব্দুর রাজ্জাক বলেন, ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের ওই প্রতিবেদনে পুরনো উপাত্ত ব্যবহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট প্রকাশিত বিশ্ব খাদ্য নিরাপত্তা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, যাতে খাদ্য নিরাপত্তা নিয়ে নিশ্চিত করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে সবচেয়ে নিচে রাখা হয়েছে। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের ওই প্রতিবেদনে পুরনো উপাত্ত ব্যবহার করা হয়েছে। ২০০৯ সাল থেকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তায় অনেক উন্নতি করেছে। ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্টের গবেষণা শাখা গত মাসে খাদ্য নিরাপত্তার ভিত্তিতে দেশগুলোর যে তালিকা করেছে, তাতে ১০০ ’র মধ্যে ৩৪ দশমিক ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৮১তম। বিশ্বের ১০৫টি দেশের মানুষের ক্রয়ক্ষমতা, খাদ্যের সহজলভ্যতা এবং মান ও নিরাপত্তা- এ তিনটি সূচকের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানানো হয়। ওই তালিকা অনুযায়ী, খাদ্য নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ৪৭ দশমিক ৪ পয়েন্ট নিয়ে তালিকায় তাদের অবস্থান ৬২তম। মন্ত্রী বলেছেন, “২০০৭-০৮ সালের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে ২০০২-০৩ সালেরও অনেক তথ্যও ব্যবহার করা হয়েছে। ফলে এতে দেশের খাদ্য নিরাপত্তার প্রকৃত চিত্র ফুটে ওঠেনি।” তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ইকোনমিস্ট হালনাগাদ তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করবে। তবে প্রতিবেদনে অপুষ্টি ও দারিদ্র্য বিমোচনজনিত তথ্য কিছুটা ঠিক স্বীকার করে রাজ্জাক বলেন, “সরকার এনিয়ে কাজ করছে।” খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের তিনটি শক্তির জায়গা উঠে এসেছে এই প্রতিবেদেন। এগুলো হলো পুষ্টিমান, কৃষি উৎপাদনের নিশ্চয়তা ও কৃষকদের ঋণ প্রাপ্তির সুবিধা। তবে আটটি ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা খুঁজে পেয়েছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট। কৃষি গবেষণা ও উন্নয়নে সরকারের বরাদ্দের স্বল্পতা, খাবারে বৈচিত্র্যের অভাব, মাথাপিছু গড় বার্ষিক উৎপাদন কম হওয়া, আমিষ জাতীয় খাদ্যের স্বল্পতা, রাজনৈতিক অস্থিরতা ও সরবরাহের অপ্রতুলতা এর অন্যতম। খাদ্যমন্ত্রী বলেন, “প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে ২০০৭-০৮ সালে কম ওজনের শিশুর হার ছিল শতকরা ৪১ ভাগ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩৬ ভাগে। এতে বৃদ্ধি বাধাগ্রস্ত শিশুর (স্টানটিং) হার ছিল ৪৩ ভাগ, কিন্তু তা বর্তমানে ৪১ ভাগ। অন্যদিকে ২০০৭-০৮ সালে কৃষি প্রবৃদ্ধির হার ছিল শতকরা তিন ভাগ, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ২৪ ভাগ।” খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ‘খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ প্রতিবেদন, ২০১২’-এর প্রকাশনা উপলক্ষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় খাদ্যমন্ত্রী ইকোনমিস্ট প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ ও ক্রয়ক্ষমতা নিশ্চিত করা গেলেও পুষ্টিমান একটি বড় চ্যালেঞ্জ। এ মুহূর্তে দেশে খাদ্যশস্যের মজুত ও সরবরাহও পর্যাপ্ত। বর্তমানে খাদ্যশস্যের মূল্যও কম এবং জনগণ সহজেই খাদ্য কিনতে পারছে। অনুষ্ঠানে মন্ত্রী ‘জাতীয় খাদ্যনীতি মহাপরিকল্পনা’ এবং ‘কান্ট্রি ইনভেস্টমেন্ট প্লানে’র মনিটরিং প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১২০ ঘ.