ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় আন্তঃব্যাংক লেনদেনে স্বল্প সময়ের জন্য ধার করা টাকার সুদের হার (কলমানি রেট) বেড়ে গেছে।
রোববার কলমানি রেট সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ওঠে, তবে গড় হার ছিল ১৩ দশমিক ১৫ শতাংশ।
কলমানি নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই ১৫ শতাংশ সুদে ব্যাংকগুলো থেকে টাকা ধার করেছে। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো সাড়ে ১২ থেকে ১৩ শতাংশ সুদে লেনদেন করেছে।
গত সপ্তাহের শেষ দিন কলমানি রেট ছিল ১০ শতাংশের নিচে, চলতি সপ্তাহ থেকেই এই হার ঊর্ধ্বমুখী।
বেসরকারি এক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ ঘনিয়ে আসায় প্রয়োজনীয় কেনাকাটা সারতে গ্রাহকরা ব্যাংকে ভিড় জমাচ্ছেন। এ কারণে ব্যাংকগুলোর নগদ অর্থের চাহিদা বেড়ে গেছে। আর এ চাহিদা মেটাতে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে কম সময়ের জন্য কিছুটা বেশি সুদে টাকা ধার করছে।”
তবে ১৩/১৫ শতাংশ কলমানি রেট বেশি নয় বলে দাবি করেন ওই ব্যাংকার।
এদিকে দুদিন সাপ্তাহিক ছুটির পর রোববার রাজধানীর সব ব্যাংকের শাখাগুলোতে ছিল গ্রাহকদের ভিড়। ঈদের আগে আর মাত্র কয়েক দিন ব্যাংক খোলা থাকবে। এই কারণে সবাই প্রয়োজনীয় টাকা তুলেছেন ব্যাংক থেকে।
ব্যাংকগুলোর পাশাপাশি এটিএম বুথেও ছিল ভিড়। নতুন টাকার জন্য মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকেও ছিল সাধারণ মানুষের লাইন।
কলমানি রেট হচ্ছে- কম সময়ের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে টাকা ধার (ঋণ) করার সুদের হার।
গত ঈদুল ফিতরের সময় কলমানি রেট সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত উঠেছিল। তবে কয়েক বছর আগে একবার ঈদুল আজহায় কলমানি রেট ১৫০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৫৮ ঘ.
bdnews24