ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় শহরগুলোর পাশাপাশি প্রথমবারের মতো কয়েকটি জেলা শহরেও আয়কর মেলার আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার রাজধানীতে এক ইফতার অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যার নাসিরউদ্দীন আহমেদ।
আগের বছরগুলোতে কেন্দ্রের পাশাপাশি শুধু বিভাগীয় শহরগুলোতে আয়কর মেলার আয়োজন করা হতো।
নাসিরউদ্দীন আহমেদ বলেন, “মেলার পরিসর বাড়িয়ে আরো মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যে এবার বিভাগীয় শহরের পাশাপাশি কয়েকটি জেলা শহরেও আয়কর মেলার আয়োজন করা হবে।”
আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
দেশে কর আদায় বাড়ানোর লক্ষ্যে কয়েকবছর ধরে আয়কর মেলার আয়োজন করে আসছে সরকার। মেলায় কর সনাক্তকরণ নম্বর (টিআইন) খোলার ও কর দেওয়ার সুযোগ থাকে।
মেলায় কর দেওয়ার জন্য ও টিআইএন নম্বর খোলার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায়।
গতবছর ঢাকাসহ সাত বিভাগীয় শহরে ছয় দিনের আয়কর মেলায় ৪১৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৭৫২ টাকা টাকার রাজস্ব আদায় করেছিল জাতীয় রাজস্ব বোর্ড।
সেসময় মেলায় উপস্থিত হয়ে ৬২ হাজার ২৭২ জন করদাতা আয়ের বিবরণী দাখিল করেন।
এছাড়া মেলায় এসে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) নিয়েছিলেন ১০ হাজার ৪১ জন করদাতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএএইচ/২২১৮ ঘ.
bdnews24