২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবারও ব্যাংক খোলা

ওই দিন ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও চট্টগ্রামের ব্যাংকগুলো সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে দীর্ঘ ছুটির মধ্যে শনিবারের পাশাপাশি শবে কদরের সরকারি ছুটির দিন বৃহস্পতিবারও রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ, খুলনা এবং চট্টগ্রামে সব বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-বোনাস দেওয়াসহ নাগরিকদের লেনদেনের সুবিধার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চালাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা রোববারই সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৮ অগাস্ট থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হলেও ঈদের আগে কার্যত ১৫ অগাস্ট থেকে ছুটি শুরু হচ্ছে। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের পরদিন শবে কদরের সরকারি ছুটি। দীর্ঘ ছুটিতে লেনদেনে সমস্যার কথা ব্যবসায়ী মহল তুলে ধরার পর কেন্দ্রীয় ব্যাংক এর আগে ১৮ অগাস্ট শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেয়। এখন ১৬ অগাস্টও ব্যাংক খোলার নির্দেশনা এল। ১৬ অগাস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও চট্টগ্রামের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৭৫০ ঘ.