আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যেও গত অর্থবছরে ২০০ কোটি ডলারের বেশি বিদেশি সাহায্য দেশে এসেছে। কিন্তু এই অর্থের ৪০ শতাংশই চলে গেছে বিভিন্ন সময়ে নেওয়া ঋণ ও সুদ পরিশোধে।
ফলে উন্নয়ন প্রকল্পে খরচ করার জন্য সরকারের হাতে ছিল ১২৪ কোটি ৭৮ লাখ ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরের বিভিন্ন দাতা দেশ ও সংস্থা মোট ২০৩ কোটি ৩৩ লাখ ডলারের ঋণ-সহায়তা ছাড় করেছে, যা আগের অর্থবছরের (২০১০-১১) চেয়ে ১৪ দশমিক ৪১ শতাংশ বেশি।
২০১০-১১ অর্থবছরে ১৭৭ কোটি ৭৫ লাখ ডলার ছাড় করেছিল ঋণদাতারা। তার মধ্যে ৭২ কোটি ৭৫ লাখ ডলার পুরনো ঋণের সুদ মেটাতে খরচ হয়েছিল । ফলে উন্নয়ন কর্মাকাণ্ডে ব্যবহারের জন্য ওই বছর সরকারের হাতে ছিল ১০৪ কোটি ৯৬ লাখ ডলার।
গত অর্থবছর দেশে আসা ২০৩ কোটি ৩৩ লাখ ডলারের মধ্যে ৬ কোটি ৯২ লাখ ডলার এসেছে খাদ্য সহায়তা হিসাবে। আর ১৯৬ কোটি ৪০ লাখ ডলার এসেছে প্রকল্প সাহায্য।
সরকার এই অর্থের মধ্যে থেকে ৭৮ কোটি ৫৫ লাখ ডলার ব্যয় করেছে বিভিন্ন সময়ে নেওয়া ঋণ ও সুদ পরিশোধে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের ঋণ জটিলতার কারণে বিদেশি সাহায্যে কোনো ধরনের প্রভাব পড়েনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “একমাত্র পদ্মা সেতু ছাড়া চলমান অন্যান্য প্রকল্পে বিশ্ব ব্যাংক তাদের সহায়তা অব্যাহত রেখেছে। গত অর্থবছরে বিশ্ব ব্যাংক তার আগের বছরের চেয়েও বেশি অর্থ ছাড় করেছে।”
এডিবি, জাইকা, আইডিবিসহ অন্যান্য দাতা দেশ ও সংস্থার অন্য সব প্রকল্পে সহায়তা ছাড়ের ক্ষেত্রেও কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, গত অর্থবছরের প্রথম দিকে বিদেশি ঋণ-সহায়তা ছাড় কম হলেও বছরের শেষ দিকে তা বেড়েছে।
ইআরডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ঋণচুক্তি বাতিল করে। ওই জুন মাসেই ২৯ কোটি ৩৯ লাখ ডলারের বিদেশি সাহায্য দেশে এসেছে, যা ছিল ২০১১-১২ অর্থবছরে মাসওয়ারি হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। ডিসেম্বর মাসে এসেছিল সবচেয়ে বেশি; ৪৫ কোটি ১২ লাখ ডলার।
দেনা পরিশোধে ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “যেহেতু দিন দিন ঋণের পরিমাণ বাড়ছে, সেহেতু দেনা পরিশোধের পরিমাণ বাড়বে এটাই স্বাভাবিক। আর আমরা যেহেতু বিদেশি ঋণ-সহায়তার বিকল্প কোনো ব্যবস্থা এখনও করতে পারিনি, সে কারণে বছর বছর এ দেনা আমাদের শোধ করে যেতেই হবে।”
গত কয়েক বছরের বিদেশি সাহায্যের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯৯৯-০০ অর্থবছরে দেশে নিট বিদেশি সাহায্যের পরিমাণ ছিল ১১৭ কোটি ৯০ লাখ ডলার। ২০০০-০১ অর্থবছরে তা কমে ৯৫ কোটি ২৩ লাখ ডলারে নেমে আসে। ২০০১-০২ ও ২০০২-০৩ অর্থবছরে এ সাহায্যের পরিমাণ ছিল যথাক্রমে ১০১ কোটি ৯৮ লাখ ও ১১৩ কোটি ৩০ লাখ ডলার।
২০০৩-০৪ অর্থবছরে বিদেশি সাহায্য ৬১ কোটি ৩ লাখ ডলারে নেমে আসে। ২০০৪-০৫ অর্থবছরে ছিল ১০১ কোটি ৫৮ লাখ ডলার। ২০০৫-০৬ অর্থবছরে ছিল ১০৭ কোটি ৮৮ লাখ ডলার।
২০০৬-০৭ অর্থবছরে দেশে নিট বিদেশিক সাহায্য আসে ১০৯ কোটি ৯৫ লাক ডলার। ২০০৭-০৮ অর্থবছর ও ২০০৮-০৯ অর্থবছরে এসেছিল যথাক্রমে ১৩৭ কোটি ৬৫ লাখ এবং ১০২ কোটি ২৮ লাখ ডলার।
২০১০-১১ অর্থবছরে নিট সহায়তার পরিমাণ ছিল ১০৪ কোটি ৯৬ লাখ ডলার। ২০১১-১২ অর্থবছরে এসেছে ১২৪ কোটি ৭৮ লাখ ডলার। এই হিসাবে গত অর্থবছর নিট বিদেশি সাহায্যের পরিমাণ বেড়েছে ১৯ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১১০০ ঘ.
bdnews24