আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুর জন্য নেওয়া অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা হবে না।
যে প্রজ্ঞাপনের ভিত্তিতে বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণে অনুদান সংগ্রহের জন্য সব ব্যাংকের শাখায় হিসাব খোলার নির্দেশ বুধবার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, তাতেই এই তথ্য জানিয়েছে অর্থ বিভাগ।
এতে বলা হয়েছে, পদ্মা প্রকল্পের জন্য দেশের মানুষ ও প্রবাসীদের দেওয়া অনুদান পদ্মা সেতু বাস্তবায়ন ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না।
প্রকল্প বাস্তবায়ন শেষে কোনো অর্থ উদ্বৃত্ত থাকলে সরকারের অনুমোদনক্রমে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে অন্য কোনো অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে অথবা ‘কনসোলিডেটেড ফান্ড’ এ জমা করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এই প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের অভ্যন্তরে ও বাইরে থেকে এ প্রকল্প বাস্তবায়নে জনগণের স্বেচ্ছায় অনুদান প্রদানের মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পে অংশগ্রহণের যে অব্যাহত উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে অনুদান/সহায়তা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
দুর্নীতির অভিযোগ তুলে ২৯০ কোটি ডলারের পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংক তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করলে বহু প্রতীক্ষিত এই প্রকল্প আটকে যায়। এরপর সরকার নিজস্ব অর্থায়নে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছে।
পদ্মা সেতুর জন্য অনুদান সংগ্রহ চললেও এর পাশাপাশি উন্নয়ন সহযোগী দেশ বা সংস্থার কাছ থেকে অনুদান কিংবা সহজ শর্তে ঋণ গ্রহণ এবং অন্যান্য উপায়ে অর্থ সংগ্রহের তৎপরতাও চলবে বলে জানান মুহিত।
তিনি বলেন, পদ্মা সেতুর জন্য যে ২৯০ কোটি ডলার ব্যয় ধরা হয়েছিল, তাতে বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকা ও আইডিবির ঋণের পরও আরো ৬০ কোটি ডলার নিজস্ব সম্পদ থেকে যোগান দিতে হত।
বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ফিরে আসবে এই আশাপ্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, “বিশ্ব ব্যাংক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলে দেশের ভেতর ও বাইরে থেকে যে অনুদান সংগ্রহ হবে, তা দিয়ে ওই ৬০ কোটি ডলারের ঘাটতি পূরণ করা হবে।”
গত ৫ অগাস্ট জারি করা অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকার সম্ভাব্য অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।
দেশের ভেতরে ও দেশের বাইরে অনুদান বা সহায়তা সংগ্রহ, ব্যবস্থাপনা ও ব্যবহার এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি খাতের অনুদান গ্রহণের লক্ষ্যে সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের’ আওতায় দুটি আলাদা হিসাব খোলা। দেশের অভ্যন্তর হতে প্রাপ্ত অনুদান জমা রাখার জন্য স্থানীয় মুদ্রায় ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (নিবাসী)’ শীর্ষক একটি হিসাব এবং বিদেশ হতে প্রাপ্ত অনুদান জমা রাখার জন্য বৈদেশিক মুদ্রায় ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (অনিবাসী)’ শীর্ষক অন্য একটি হিসাব খোলা হবে।
এই হিসাব খোলা, হিসাব সংরক্ষণ এবং সরকারি কোষাগারে অর্থ স্থানান্তর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। এই দুই হিসাবে জমা হওয়া অর্থ বাংলাদেশ ব্যাংকে প্রচলিত নিয়ম অনুসরণ করে জমা করা হবে।
প্রকল্পটি এডিপিভুক্ত প্রকল্প হিসাবে যথারীতি বাস্তবায়ন ও অর্থায়ন করা হবে। বাজেটে পদ্মা সেতু অর্থায়নে বিভিন্ন উৎসের (সরকার/উন্নয়ন সহযোগী) সঙ্গে এই অনুদান সহায়তার বিষয়টি উল্লেখ থাকবে এবং আগামী সংশোধিত বাজেটে তা প্রতিফলিত হবে।
অনুদান বা সহায়তা প্রদানকারীরা ইচ্ছে করলে প্রধানমন্ত্রীর কাছে অনুদানের অর্থ বা চেক হস্তান্তর করতে পারবেন। সে ক্ষেত্রে জমা করা অর্থ বা চেক গ্রহণের পর প্রধানমন্ত্রীর কার্যালয় সেতু বিভাগের মাধ্যমে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের’ কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রতি তিন মাস অন্তর ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’ জমা হওয়া অর্থের হিসাবের বিস্তারিত বিবরণ সেতু বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ এবং পরিকল্পনা কমিশনকে জানাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২৩০ ঘ.
bdnews24