ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ পনের মাস পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবার ১১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার দিনের শুরুতেই বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ১১ দশমিক ০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ২০১১ সালের ৩ মে রিজার্ভ বেড়ে ১১ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। সেটাই এ যাবতকালে বাংলাদেশের সর্বোচ্চ রিজার্ভ।
কিন্তু আমদানি ব্যয় বাড়তে থাকায় এরপর এক পর্যায়ে তা ৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহ ভাল থাকায় এবং আমদানি ব্যয় কমে আসায় রিজার্ভ ১১ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। এটা আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক।”
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ৯ বিলিয়ন ডলার। বুধবার দিনের শুরুতেই তা বেড়ে ১১ দশমিক ০৫ ডলার হয়।
দিনশেষে এর পরিমাণ আরো বাড়বে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদ সামনে রেখে প্রবাসীরা বেশি বেশি টাকা পাঠানোর কারণেই রিজার্ভ বেড়েছে। এছাড়া দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকরাও ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য রপ্তানি বিল ক্যাশ করায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।”
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ১২০ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছে, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে জানুয়ারি মাসে ১২২ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছিল। চলতি অগাস্ট মাসের প্রথম সপ্তাহে এসেছে ২৮ কোটি ডলারের বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ডলারের প্রবাহ ‘সন্তোষজনক’ অবস্থায় থাকায় ডলারের বিপরীতে ক্রমশ শক্তিশালী হচ্ছে দেশি মুদ্রা টাকা। গত ছয় মাসে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে ৫ শতাংশের বেশি।
গত ১ অগাস্ট আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দর ছিল ৮১ টাকা ৯০ পয়সা। ৫ অগাস্ট তা ৮১ টাকা ৫০ পয়সায় নেমে আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর রেমিটেন্স ও বন্ড বিক্রি বাড়াতে বিভিন্ন দেশে রোড-শো এবং বিনিয়োগ মেলা আয়োজনেরও উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রথম পর্যায়ে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে এ রোড শোর কার্যক্রম শুরু হবে। পরে অন্যান্য দেশেও রোড শোর কার্যক্রম পরিচালিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৬৩৫ ঘ.
bdnews24