২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: সোয়া কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঊপকূলীয় এলাকায় কার্যক্রম পরিচালনার জন্য এক কোটি ২৫ লাখ ডলার অনুদানের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 10:28 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঊপকূলীয় এলাকায় কার্যক্রম পরিচালনার জন্য এক কোটি ২৫ লাখ ডলার অনুদানের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে সরকার। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ) শিরোনামে বিভিন্ন দাতা সংস্থা ট্রাস্ট ফান্ড থেকে এই অনুদান দেওয়া হবে। উন্নয়ন অংশীদারদের সহযোগিতা নিয়েই এ তহবিল পরিচালিত হয়। সোমবার বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান এবং বিশ্ব ব্যাংকের পক্ষে সংস্থাটির ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্টিন ই কিমস এ চুক্তিতে সই করেন। আরাস্ত খান বলেন, মোট সাড়ে ১২ কোটি ডলারের এই ট্রাস্ট ফান্ডের আওতায় যেসব প্রকল্প নেওয়া হবে তার ৯০ শতাংশ বাস্তবায়ন করবে সরকার। বাকি ১০ শতাংশ বাস্তবায়ন হবে বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে। “তাই এই এক কোটি ২৫ লাখ ডলার বিভিন্ন এনজিওর মাধ্যমে ছাড় করা হবে। আর তহবিলের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এনজিওর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিষয়টি তদারক করবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।” জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকির বিষয়গুলো তুলে ধরে কিমস বলেন, এ দেশের স্থলভাগের দুই-তৃতীয়াংশই সমুদ্রপৃষ্ঠের ৫ মিটারেরও কম উচ্চতায় রয়েছে। এখানে বন্যার ঝুঁকিও প্রবল। নিম্নাঞ্চলে ভূ-গর্ভস্থ পানির সঙ্গে লবণাক্ত পানি মিশে তা গ্রামের দরিদ্র মানুষের ফসল ও জীবিকার ওপর ব্যাপক মাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে। কমিউনিটিভিত্তিক জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মকাণ্ডের মাধ্যমে ঊপকূলীয় এলাকার মানুষের মধ্যে বন্যা, খরা ও লবণাক্ততার ঝুঁকি প্রশমণের লক্ষ্যে এ প্রকল্প পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পিকেএসএফের উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বলেন, ঊপকূলীয় এলাকার মানুষের চাহিদা অনুযায়ীই কর্মকাণ্ড পরিচালনা করবেন তারা। এই ট্রাস্ট ফান্ড ছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশে অন্য দুটি তহবিল রয়েছে বলে আরাস্তু খান জানান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের একটি নিজস্ব তহবিল রয়েছে জানিয়ে তিনি বলেন, এ তহবিলের আওতায় প্রতিবছর ১০ কোটি ডলার এ খাতে ব্যয় করা হয়। এছাড়া বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত ক্লাইমেট চেঞ্জ ইনভেস্টমেন্ট ফান্ড নামে আরেকটি তহবিলের আওতায় কাজ চলছে বলে জানান অতিরিক্ত সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/১৬২৫ ঘ.