ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প নিয়ে মালয়শিয়ার বিশেষ দূতের সঙ্গ বৈঠকের পর এ বিষয়ে কিছু বলতে রাজি হননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মালয়শিয়ার বিশেষ দূত এস সামি ভেলু রোববার দুপুরে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এ প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত করতে বৈঠকে বসেন। ওই বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী জানান, মালয়শিয়া তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রস্তাব দেবে।
সামি ভেলু এরপর বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, “আমি কিছু বলব না। যা বলার যোগযোগমন্ত্রীই বলবেন।”
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়টি ঝুলে যাওয়ার পর চলতি বছরের শুরুতে মালয়শিয়া এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত ১০ এপ্রিলে কুয়ালালামপুরে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকে সই করেন। গত ২৮ জুন পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মালয়শিয়ায় পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব সরকারকে দেওয়া হয়।
গত ২৯ জুন দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি তুলে বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে ঋণ বাতিল করে। এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
এদিকে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর ঘোষণা দিলেও সংস্থাটিকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্থমন্ত্রী মুহিত।
এ প্রকল্পে ঋণদাতা দুই সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) তাদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24