ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে মালয়শিয়ার প্রস্তাবের খুঁটিনাটি চূড়ান্ত করতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করছেন দেশটির দক্ষিণ এশিয়ার অবকাঠামো বিষয়ক বিশেষ দূত এস সামি ভেলু।
রোবার বেলা পৌনে বারোটায় যোগাযোগমন্ত্রীর কক্ষে বৈঠকটি শুরু হয়। সামি ভেলু বৈঠকে সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
গত ২৮ জুন মালয়শিয়া পদ্মা সেতু প্রকল্প নিয়ে যে খসড়া প্রস্তাব দিয়েছিল, এই বৈঠকে তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে মালয়শীয় প্রতিনিধি দলের।
এছাড়া প্রকল্প এলাকা পরিদর্শনেরও কথা রয়েছে সামি ভেলুর।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়টি ঝুলে যাওয়ার পর চলতি বছরের শুরুতে মালয়শিয়া এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত ১০ এপ্রিলে কুয়ালালামপুরে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকে সই করেন। গত ২৮ জুন পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মালয়শিয়ায় পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব সরকারকে দেওয়া হয়।
গত ২৯ জুন দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি তুলে বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে ঋণ বাতিল করে। এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
এদিকে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর ঘোষণা দিলেও সংস্থাটিকে ফিরিয়ে আনার চেষ্টাও বাদ দেয়নি সরকার।
বিশ্ব ব্যাংক ঋণ বাতিলের পরও ঋণদাতা দুই সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) তাদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএইচএ/এসইউ/১১৫৮ ঘ.
bdnews24