ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার গ্রামীণ ব্যাংকের মালিকানা পুরোপুরি নিতে চায় দাবি করে তা প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস।
ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির একটি প্রস্তাব বৃহস্পতিবার মন্ত্রিসভা অনুমোদনের পর এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
সংবাদ মাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় নোবেলজয়ী ইউনূস বলেন, “আমি আগে থেকে এই শঙ্কা প্রকাশ করে এসেছি। এখন আমার শঙ্কা বাস্তবে রূপ নিতে শুরু করেছে।”
“গরিবের মালিকানায় পরিচালিত গরিবের ব্যাংকটি থেকে মালিকানা এবং মালিকানা প্রয়োগের ক্ষমতা থেকে গরিব মালিকদের বঞ্চিত হতে দেখে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি,” বলেন তিনি।
ইউনূস বলেন, “গরিবের সম্পদ এবং দেশের সম্পদ রক্ষায় এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে সরে আসা ইউনূস প্রতিষ্ঠানটির অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গরিব মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যেন তাদের মালিকানা প্রয়োগের অধিকারকে খর্ব না করার জন্য সরকারের প্রতি, দেশবাসীর প্রতি আবেদন জানান।”
বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে গত বছর কেন্দ্রীয় ব্যাংক ইউনূসকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে পদত্যাগ করেন নোবেলবিজয়ী একমাত্র বাংলাদেশি।
মন্ত্রিসভার বৈঠকে মহাপরিচালক নিয়োগের বিধি পরিবর্তনের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বয়সের চেয়ে বেশি সময় থাকা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।
ইউনূস মনে করেন, গ্রামীণ ব্যাংকের বিষয়ে সরকার ‘ভুল’ পথে চলছে। আর এই ধরনের পদক্ষেপে তিনি হতাশ হয়েছেন।
“আমি এত মর্মাহত যে ভাবাবেগ প্রকাশে অক্ষম হয়ে পড়েছি। দেশের যারা আমার মতো মর্মাহত হয়েছেন, তাদের অনুরোধ করছি, তারা যেন সরকারকে বোঝান, এটা অত্যন্ত ভুল কাজ হচ্ছে, এটা থেকে তারা যেন বিরত থাকেন,” বলেন তিনি।
“সরকারেরর সিদ্ধান্ত গরিবের ব্যাংকটি এবং দেশের গর্বের এই ব্যাংকটি ধ্বংস করে দেবে” এই শঙ্কা প্রকাশ করে ইউনূস আরো বলেন, “আমি অত্যন্ত দুঃখিত যে এই প্রক্রিয়া থামানোর ব্যাপারে আমরা সফল হতে পারিনি।”
ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনূস ও গ্রামীণ ব্যাংককে।
২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এর কয়েকমাস পরই ইউনূসকে অব্যাহতি দেওয়া হয়। পশ্চিমাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউনূসের বিষয়ে এই পদক্ষেপে সরকারের সমালোচনাও ওঠে। যুক্তরাষ্ট্র প্রচ্ছন্ন হুমকির সুরে বলে, এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে।
সম্প্রতি লন্ডন সফরকালে বিবিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সাক্ষাৎকার নেওয়ার সময় প্রসঙ্গটি তোলে। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, বয়স ৬০ বছর বয়স অতিক্রমের পর মুহাম্মদ ইউনূস আইন অনুযায়ী ওই দায়িত্বে থাকতে পারেন না।
সরকার ইউনূসের বিষয়ে অনড় অবস্থান নিলে প্রধান বিরোধী দল এই নোবেলজয়ীর পক্ষে অবস্থান নেয়। বিএনপি বলছে, ইউনূস সরকারের ‘রোষের’ শিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯৫৩ ঘ.
bdnews24