২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের ‘বাড়তি সময়’ এমডি থাকার তদন্ত হচ্ছে

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ড. মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বয়সের চেয়ে বেশি সময় থাকা বৈধ ছিল কি না তা খতিয়ে দেখবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 10:46 AM

Updated : 25 Apr 2022, 09:35 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির একটি প্রস্তাবেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।

তিনি বলেন, বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন না থাকায় ‘গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ (সংশোধন) ২০১২’ আকারে আইনটি জারি করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি সই করলেই তা জারি করা হবে।

সভার সিদ্ধান্ত প্রসঙ্গে সচিব বলেন, ৬০ বছর বয়স অতিক্রমের পরও মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। তার ওই দায়িত্বে এভাবে বেশি সময় থাকা বৈধ ছিলো কি না, তিনি ওই সময়ে কত টাকা নিয়েছেন এবং তা বৈধ ছিলো কি না তা খতিয়ে দেখতে অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া গ্রামীণ ব্যাংকের এমডি থাকাকালে ইউনূস ‘ওয়েজআর্নার’ হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কর অব্যাহতি নিয়েছিলেন কি না, কর অব্যাহতি নেওয়া বৈধ ছিল কি না- সেসব বিষয়েও একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে এনবিআর এই প্রতিবেদন তৈরি করবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই ইউনূস এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসলেও ২০১১ সালে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তার এমডি পদে থাকা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় ব্যাংক। ওই বছর মার্চে কেন্দ্রীয় ব্যাংক যখন ইউনূসকে অব্যাহতি দেয়, তখন তার বয়স প্রায় ৭১ বছর।

ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনূস ও গ্রামীণ ব্যাংককে।

২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। গ্রামীণ ব্যাংক ও সহযোগী সংস্থাগুলোর কার্যক্রমে নানা ‘অসঙ্গতির’ তথ্য উঠে আসে ওই কমিটির প্রতিবেদনে।

কেন্দ্রীয় ব্যাংক ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা সংস্থার চাপের পরও সরকার তাকে গ্রামীণ ব্যাংকে না ফেরানোর সিদ্ধান্তে অটল থাকে। ব্যাংকের জন্য একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ইউনূসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাবও চলতি বছরের শুরুতে খারিজ করে দেয় সরকার।

বর্তমানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান বর্তমানে ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন।

ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসের অপসারণের ১৪ মাস পর গত ১৬ মে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গ্রামীণ ব্যাংকের ‘ভবিষ্যৎ নির্ধারণে’ একটি কমিশন গঠন করে।

গ্রামীণ ব্যাংক পরিচালনার ক্ষেত্রে দুর্বলতা ও বাধাগুলো খুঁজে বের করা, এই প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, গ্রামীণ ব্যাংকের লক্ষ্য-উদ্দেশ্য ও আইনি কাঠামো এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করা, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে সদস্য নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা এবং কীভাবে এই ব্যাংকে সরকারের নিয়ন্ত্রক সংস্থাগুলোর অধীনে নেওয়া যায়- সে বিষয়ে সুপরিশ করার দায়িত্ব দেওয়া হয় এই কমিশনকে।

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সংক্রান্ত ১৪ ধারার দুটি উপধারার তিনটি বিষয় সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বোর্ডের পরামর্শ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল নির্বাচন করবেন। এ প্যানেল থেকে একজনকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সুপারিশ করবেন তিনি।

এর আগে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বোর্ড একটি সিলেকশন কমিটি গঠন করার বিধান ছিল। সংশোধনীতে ওই বিধানটি বাতিল করা হয়েছে।

আগের আইনে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের যোগ্যতা হিসাবে ‘রুরাল ইকোনোমি’ এবং ‘গ্রামীণ ব্যাংকিং বিজনেস’ বিষয়ে অভিজ্ঞতা থাকার শর্ত দেওয়া ছিল। সংশোধিত আইনে ‘মাইক্রো-ফাইন্যান্সিং’ বিষয়ে অভিজ্ঞতা থাকার শর্ত দেওয়া হয়েছে।

উচ্চ আদালতের রায়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের নিয়োগ সংক্রান্ত নির্দেশনার আলোকে ব্যাংকটিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জটিলতা দূর করতেই এ সংশোধনী আনা হয়েছে বলেও সচিব উল্লেখ করেন।