নারায়ণগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ বোর্ডের নিবন্ধন ও পরিবেশ ছাড়পত্র না থাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ফতুল্লার নন্দলালপুরে মেসার্স কাকলী ডাইং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কস লিমিটেড নামের কারখানাটিকে এ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ ছাড়পত্র গ্রহণ ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালু না করা পর্যন্ত কারখানাটিকে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তা না হলে কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এবং মালিককে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
১০ বছর ধরে চলা এ ডাইং কারখানার বিনিয়োগ বোর্ডের নিবন্ধন ও পরিবেশ ছাড়পত্র নেই। এমনকি সরকারি কোন দপ্তরের অনুমোদন নেই বলেও বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩৮ ঘ.
bdnews24