২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসন্তোষের মূলে ‘পুঞ্জিভূত ক্ষোভ’

তৈরি পোশাক খাতের অস্থিরতা বন্ধ করতে হলে কারখানার ভেতরেই এর ‘কারণ’ খুঁজে দেখা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইমরান হোসেনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক খাতের অস্থিরতা বন্ধ করতে হলে কারখানার ভেতরেই এর কারণ খুঁজে দেখা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত মাসে তৈরি পোশাক খাতে ব্যাপক অস্থিরতার পর সরকার ও বিরোধী দলীয় নেতারা ‘বিদেশি ষড়যন্ত্রের’ কথা বললেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা গেছে, কম বেতনে মানবেতর জীবন আর কারখানা কর্তৃপক্ষের কড়াকড়িতে জমে ওঠা ক্ষোভ থেকেই এ অস্থিরতার শুরু। শ্রমিকদের অভিযোগ, গত মে মাসে দ্যটস ইট প্যাকেজিং লিমিটেডের ‘স্টোর কিপার’ সালমান শামীম খান সহযোগী প্রতিষ্ঠান আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের মেডিকেল সেন্টারের বাইরে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার ‘অপরাধে’ একজন পরিচালকের বেদম পিটুনির শিকার হন। আশুলিয়ার বাংলাবাজার এলাকায় খুব কাছকাছি অবস্থিত এ দুটি কারখানারটই মূল প্রতিষ্ঠান হলো হামীম গ্রুপ, যার মালিক এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ। শ্রমিকরা জানান, হামীম গ্রুপের সব কর্মচারীই প্রয়োজনে ‘আর্টিস্টিক ডিজাইন লিমিটেড’ এর মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসেন। সালমান এসেছিলেন যক্ষ্মার চিকিৎসার জন্য। নাম প্রকাশ না করার শর্তে ওই কারখানার এক কর্মী জানান, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড প্রাঙ্গণে থাকা অবস্থায় শ্রমিকদের মোবাইল ফোন ব্যবহার ‘পুরোপুরি নিষিদ্ধ’, যদিও কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। সেদিন ওই কারখানার এক পরিচালক যখন সালমানের ওপর চড়াও হলেন, তখন এক পর্যায়ে আর মুখ বুজে তা সহ্য করতে পারেননি ‘স্টোর কিপার’ সালমান। মারের মুখে ক্ষেপে গিয়ে তিনি পাল্টা চড় দিয়ে বসেন ওই কর্মকর্তার গালে। এর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং সালমানকে আশুলিয়া থানায় নিয়ে একটি চুরির মামলায় আসামি করা হয়, শ্রমিকদের ভাষ্য অনুযায়ী যা আসলে ‘মিথ্যা মামলা’। স্বল্প বেতনের কারণে দারিদ্র্যের মধ্যে থাকা ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠিত হয়ে ওঠে এবং সহকর্মী সালমানকে থানা থেকে ছাড়িয়ে এনে তাদের সামনে হাজির করার জন্য কারখানা কর্তপক্ষের কাছে দাবি জানায়। এক প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, থানায় থানায় সালমানকে এমনভাবে পেটানো হয়েছিল যে তাকে চেনাই যাচ্ছিল না। আর এতেই শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, সালমানকে গুম করে তার পরিবর্তে অন্য কাউকে কারখানায় হাজির করেছে কর্তপক্ষ। গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্ষোভের প্রথম বিস্ফোরণটি ঘটে আর্টিস্টিক ডিজাইনে। সালমানের ঘটনার এক মাসের মাথায় ১১ জুন ওই কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করে যা পরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আশুলিয়া শিল্পাঞ্চলের তিন শতাধিক কারখানায়। তাৎক্ষণিকভাবে এ ক্ষোভের প্রশমণ ঘটানোর বদলে কারখানা মালিকরাও শক্ত অবস্থান নেন এবং টানা পাঁচ দিন ধরে শ্রমিক-পুলিশ সংঘাত, অবরোধ, ভাংচুরের পর ওই এলাকার সব এলাকা বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, মূল্যস্ফীতি আর স্বল্প বেতনের যাতাকলে পিষ্ট হতে হতে দীর্ঘদিন ধরে যে ক্ষোভ শ্রমিকদের মধ্যে দানা বেঁধেছিল, এই আন্দোলন ছিল তারই বহিঃপ্রকাশ। দ্যটস ইট প্যাকেজিং লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক আজহার আলী বলেন, “আমি বলে বোঝাতে পারব না কীভাবে এটা এতো বড় আন্দোলনে পরিণত হল। কিন্তু শুরুটা হয়েছিল একেবারেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।” বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আখতার বলেন, “আপনি হয়তো ২ হাজার শ্রমিককে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু এই ক্ষমতা দিয়ে আপনি ১১ হাজার শ্রমিকের বিক্ষোভ থামাবেন কীভাবে? হামীম গ্রুপও তাদের শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে পারেনি।” শ্রমিকরা বলছেন, এমনিতেই তাদের বেতনে সংসার চলে না। তার ওপর কারখানায় বিভিন্ন নিয়মের কড়াকড়িতে তারা অতিষ্ঠ হয়ে ছিলেন। মাসের মধ্যে একদিন কাজে আসতে এক মিনিটও দেরি হলেই তাদের উপস্থিতি ভাতার ২৫০ টাকা কেটে রাখা হতো। “অসুস্থতার কারণে যদি কাজে আসতে দেরি হয়, আর এজন্য যদি ডাক্তারের ব্যবস্থাপত্রও দেখানো হয় তারপরও ওই ভাতা আর পাওয়া যায় না”, বলেন হামিদুল ইসলাম নামের এক শ্রমিক। কারখানায় যখন কাজ বেশি থাকে, শ্রমিকের জন্য বাড়তি সময় কাজ করা (ওভারটাইম) তখন বাধ্যতামূলক হয়ে যায়। কেউ শ্রমিক অসুস্থ্য থাকলেও কর্তৃপক্ষ তা আমলে নেয় না বলে অভিযোগ করেন শ্রমিকরা। আসমা খাতুন নামের এক শ্রমিক বলেন, “বছরে বেতন বাড়ে ৩০০-৪০০ টাকা। ওভারটাইম না করলে ওইটাও দেয় না।” আর প্রতিদিনের কাজে বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার কারণে প্রায়ই চাকরি হারাতে হয় শ্রমিকদের। এরকমই এক ঘটনার শিকার গাইবান্ধার মাহতাব ও তার স্ত্রী রোকেয়া বেগম। মাহতাবের দৈনিক লক্ষ্যমাত্রা ছিল আট ঘণ্টায় ১ হাজার ২০০ পোশাক পরীক্ষা করে দেখা, সেগুলোতে কোনো ত্রুটি আছে কি না। অর্থাৎ, প্রতি ঘণ্টায় তাকে দেখতে হতো ১৫০টি পোশাক। আরো স্পষ্ট করে বলতে গেলে, প্রতি ২ মিনিটে তাকে ৫টি পোশাক পরীক্ষা করে বলতে হতো- সেগুলো ত্রুটিমুক্ত কি না। মাহতাব বলেন, “কাজ শেষ না করে আপনি বের হতে পারবেন না। সময় যতই লাগুক সেটি কোনো বিষয় নয়।” শ্রমিকদের অভিযোগ, শ্রমিকরা টয়লেটে কতোটা সময় কাটাচ্ছে, সে দিকেও নজর থাকে কর্তৃপক্ষের। সুপারভাইজার যদি মনে হয় যে কেউ স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে, তাহলে তার কপালে জোটে তিরষ্কার। কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাকরি ছেড়ে দেওয়া জাহানারা বেগম বলেন, “আমরা জানি, দেরিতে কারখানায় গেলে কাজের ক্ষতি হয়। কিন্তু তা পুষিয়ে নেওয়ারও তো অন্য উপায়ও ভাবা যায়।” পোশাক খাতের কারখানা মালিক ও শ্রমিকদের দক্ষতা বাড়লেও মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা কর্মীদের খুব একটা উন্নত হয়নি স্বীকার করে বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান বলেন, “মধ্যম পর্যায়ে আমাদের ব্যবস্থাপনা একবারেই ভাল না।” সংশ্লিষ্টরা বলছেন, পণ্যের মান বজায় রাখার দোহাই দিয়ে যে কঠোর নিয়মকানুন কারখানাগুলোতে চালু রয়েছে, সেই মান নিয়ন্ত্রণের বিষয়টি কাজের পরিবেশ বা শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কাজের পরিবেশের দিক দিয়ে অধিকাংশ কারখানা আন্তর্জাতিক মানদ-ে অনেক পিছিয়ে আছে বলেও মন্তব্য করেছেন তারা। ২০০৫ সালে আশুলিয়ার পলাশবাড়িতে ৯ তলা স্পেকট্রাম সোয়েটার কারখানা দেবে গিয়ে ৬১ শ্রমিকের মৃত্যু হয়। পরের বছর চট্টগ্রামের কেটিএস টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস লিমিটেডে আগুন লেগে নিহত হয় ৫৪ শ্রমিক। আর এসব দুর্ঘটনার প্রতিটি ক্ষেত্রেই মালিকপক্ষের অবহেলার অভিযোগ উঠলেও তারা পার পেয়ে গেছেন। পোশাক কারখানার ভেতরের চিত্র বর্ণনা করতে গিয়ে মাহতাব বলেন, “দেশের মানুষ যদি জানত যে, ভেতরে আমরা কীভাবে কাজ করি, তাহলে তারাও আমাদের সঙ্গে রাস্তায় নেমে আসত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/এমএমআর/আরআরডি/জেকে/১১১৫ ঘ.