২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ঋণ: এবার লক্ষ্যমাত্রা ১৪১৩০ কোটি টাকা

ব্যাংকগুলোকে আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা বেশি কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে এবার বিতরণ হবে ১৪ হাজার ১৩০ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলোকে আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা বেশি কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে হিসেবে এবার বিতরণ হবে ১৪ হাজার ১৩০ কোটি টাকা। মঙ্গলবার সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সোমবার বিকেলে গভর্নর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অর্থনীতিকে স্বস্তিদায়ক অবস্থায় রাখার পেছনে কৃষি ঋণ অবদান রেখেছে। গত এক বছরেরও বেশি সময় ধরে কোনো চাল আমদানি করতে হয়নি। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে ১৪ হাজার ১৩০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে।” ২০১১-১২ অর্থবছরে ব্যাংকগুলোকে ১৩ হাজার ৮০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এরমধ্যে সরকারি ও বিশেষায়িত ব্যাংকের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার ৫১০ কোটি টাকা। আর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য বেঁধে দেওয়া হয় পাঁচ হাজার ২৯০ কোটি টাকা। চলতি অর্থবছরে সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ৩০০ কোটি টাকা। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোকে পাঁচ হাজার ৮৩০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করতে বলা হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী,২০১১-১২ অর্থবছরের এগারো মাসে অর্থ্যাৎ জুলাই-মে সময়ে ১১ হাজার ৪৫৩ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। ২০১০-১১ অর্থবছরে বিতরণ করা হয়েছিল ১২ হাজার ১৮৪ কোটি ৩২ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে কৃষি ঋণ বিতরণ বেড়েছে বলে জানান আতিউর রহমান। গভর্নর বলেন, “আমাদের অর্থনীতি কৃষিনির্ভর। এতোদিন সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলো কৃষি ঋণ দিত। এখন বেসরকারি ব্যাংকগুলোও সমান তালে কৃষি ঋণ দিচ্ছে। যে সব ব্যাংকের গ্রামে শাখা নেই তারা এনজিও’র মাধ্যমে কৃষি ঋণ দিচ্ছে।” ব্যাংকগুলো যাতে তাদের মোট বিতরণ করা ঋণের কমপক্ষে ২ শতাংশ কৃষি খাতে বিতরণ করে সে ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে বলেও জানান তিনি। বছর তিনেক আগে সরকারি ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্যও কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে দশ টাকার বিনিময়ে প্রায় এক কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হয়েছে। গভর্নর জানান, “হয়রানি এড়াতে এই অ্যঅকাউন্টে কৃষি ঋণ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছে ব্যাংকগুলো। আর কৃষি ঋণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে তদারকি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২০১১ ঘ.