২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানঅবসরে পাঠানো কর্মীদের নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

বিমানের ‘স্বেচ্ছা অবসর স্কিমের’ আওতায় অবসরে পাঠানো কর্মীদের প্রতিষ্ঠানের ‘শূন্য পদে’ নিয়োগ দিতে সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানের ‘স্বেচ্ছা অবসর স্কিমের’ আওতায় অবসরে পাঠানো কর্মীদের প্রতিষ্ঠানের ‘শূন্য পদে’ নিয়োগ দিতে সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আদালত অবমাননার এক আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আব্দুর রবের বেঞ্চ রোববার এই আদেশ দেয়। আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর থেকে ওই কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য বিভিন্ন ধাপে মোট ৯৭ দিন সময় বেধে দিয়েছে আদালত। আদালত অবমাননার অভিযোগে হাই কোর্টে হাজির হয়ে এদিন ক্ষমা চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দেক আহমেদ। এরপর আদালত আদেশ দেয়। অভিযোগকারী দুই কর্মকর্তার পক্ষে শুনানি করেন আহসানুল করিম। তাকে সহায়তা করেন আমিনুল হক। বিমান কর্মকর্তাদের পক্ষে এ এম আমিনুদ্দিন শুনানিতে অংশ নেন। গত ৪ মার্চ হাই কোর্ট এক আদেশে পদ খালি বা পদ সৃষ্টি হলে ‘স্বেচ্ছায় অবসর স্কিম’ -এর আওতায় অবসরে পাঠানো কর্মীদের নিয়োগ দিতে বলা হয়। বিমান কর্তৃপক্ষ তাদের নিয়োগের পদক্ষেপ না নিয়ে শূন্য পদে অন্য কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়ায় সাবেক দুই কমার্শিয়াল অফিসার মো. জাহাঙ্গীর আলম ও মো. সেলিম মিয়া আদালত অবমাননার অভিযোগে চার বিমান কর্মকতার বিরুদ্ধে আবেদন করেন। এ দুই আবেদনকারীও গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘স্বেচ্ছায় অবসর স্কিম’ এর আওতায় অবসরে যান। আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানের চার কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালত অবমানার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। আদালত আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দিয়েছে।” তিনি জানান, আদালত বর্তমান আদেশের অনুলিপি পাওয়ার ৭ দিনের মধ্যে ‘স্বেচ্ছায় অবসর স্কিমের’ আওতায় অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগে দুটি বহুল প্রচারিত দৈনিকে (একটি বাংলা, একটি ইংরেজি) বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে। আবেদন করতে আগ্রহীদেরকে ১৫ দিন সময় দিতে বলা হয়েছে। আর এসব আবেদন যাচাই বাছাই করতে হবে এর আগে দেওয়াহাই কোর্টের রায়ের আলোকে। পরবর্তী ১৫ দিনের মধ্যে কর্মীদের হাতে নিয়োগপত্র দিতে বলেছে আদালত। আর এই প্ররো প্রক্রিয়া শেষ করতে হবে ৯৭ দিনের মধ্যে। যারা এ বিষয়ে আদালতে রিট আবেদন করেছেন, নিয়োগের ক্ষেত্রে আদালত তাদের অগ্রাধিকার দিতে বলেছে বলেও জানান এই আইনজীবী। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার, পরিচালক (মার্কেটিং ও সেলস) মোহাম্মদ শাহ নেওয়াজ ও আইন বিষয়ক ব্যবস্থাপক আজরা নাজরিন রহমানও আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৬২০ ঘ.