২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু দুই চেম্বারের

রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রামের ব্যবসায়ীদের দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রামের ব্যবসায়ীদের দুটি সংগঠন। শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার নগরীর আগ্রাবাদে পৃথকভাবে এ কার্যক্রমের সূচনা করে। রমজান মাসজুড়ে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বারের এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ। এসময় চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম, পরিচালক এম এ ছালাম, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের গৃহীত কার্যক্রমকে চেম্বারের এ উদ্যোগ সহায়তা করবে। আগামী ২৫ রমজান পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম চেম্বার চিনি প্রতি কেজি ৪৫ টাকা, আতপ চাল ২০ টাকা এবং সিদ্ধ চাল ১৮ টাকা দরে বিক্রি করছে। এদিকে নগরীর আগ্রাবাদে প্রায় একই সময়ে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ব্যবসায়ীদের অপর সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি এম মাহবুব চৌধুরী, পরিচালক আমিনুজ্জামান ভূইয়া প্রমুখ। মেট্রোপলিটন চেম্বার প্রতি কেজি আতপ চাল ২০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা এবং প্রতি কেজি চিনি ৪৫ টাকা দরে বিক্রি করছে। রমজান মাসজুড়ে মেট্রোপলিটন চেম্বারের এ কার্যক্রম চলবে বলে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৭৪৩ ঘ.