২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে লন্ডনে ‘বিশ্ব কারি প্রদর্শনী’

ভোজনরসিকদের কাছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের খাবার ও রন্ধনপ্রণালী তুলে ধরতে লন্ডনে আয়োজন করা হচ্ছে বিশ্ব কারি প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজনরসিকদের কাছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের খাবার ও রন্ধনপ্রণালী তুলে ধরতে লন্ডনে আয়োজন করা হচ্ছে বিশ্ব কারি প্রদর্শনী। আগামী ১৪ অক্টোবর লন্ডনের রিভারব্যাংক পার্ক প্লাজা হোটেলে ‘ওয়ার্ল্ড কারি এক্সপো’ নামে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করবে যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী কারি লাইফ ম্যাগাজিন। কারি লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সাময়িকির পক্ষ থেকে গত এক দশক ধরে যুক্তরাজ্য, স্পেন, ইতালি, জার্মানি, সুইডেন, নরওয়ে, স্লোভেনিয়া, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, ভারত ও বাংলাদেশে খাবার উৎসব, প্রদর্শনী, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়ে আসছে। আয়োজকরা জানান, বাংলাদেশি রন্ধনপ্রণালীসহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয় ওয়ার্ল্ড কারি এক্সপোতে তুলে ধরা হবে। প্রদর্শনীতে থাকবে এ দেশের নানা উপাদেয় খাবার। প্রথমবারের মতো আয়োজিত ওয়ার্ল্ড কারি এক্সপোতে বিভিন্ন রেস্তেরাঁর স্টলও থাকবে। পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের মসলা, সস, চাটনি ও রান্নার সামগ্রী বিক্রেতা, তৈরি খাবার সরবরাহকারী, বিভিন্ন পানীয় ও বেভারেজ কোম্পানিগুলোর উপস্থিতি। কারি লাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটেনে ১২ হাজারের বেশি বাংলাদেশি রান্নার রেস্তোরাঁ ছাড়াও বিপুল সংখ্যক থাই, চাইনিজ, মালয়েশীয় ও ইন্দোনেশীয় খাবারের দোকান আছে। এর সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহু সংস্কৃতির মিলনস্থল লন্ডন। ঢাকা ও দিল্লিতে যতো রেস্তোরাঁ আছে, লন্ডনে আছে তার চেয়েও বেশি। তাই লন্ডনে ওয়ার্ল্ড কারি এক্সপো আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮১৫ ঘ.