ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্বাচলের ভূমি উন্নয়ন কাজের জন্য সোয়া দুইশ’ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবসহ প্রায় সোয়া নয়শ’ কোটি টাকার ব্যয় সম্বলিত ১৪টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় ৯২৪ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৫৭৮ টাকা ব্যয়ের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুর্বাচল নতুন প্রকল্পের জন্য নর্দমাসহ রাস্তা নির্মাণ ও ভূমি উন্নয়ন কাজ এবং কুড়িলে ফ্লাইওভার নির্মানের ব্যয় বৃদ্ধির তিনটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
পূর্বাচলের ভূমি উন্নয়ন কাজের জন্য ২২৪ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৮৮১ টাকার ব্যয় হবে। এ কাজের জন্য ঠিকাদার নিযুক্ত হয়েছে নূরুজ্জামান খান এবং এআরকে-আইএইচ জেভি।
ছয়টি লটে নর্দমাসহ রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য ঠিকাদার নিযুক্ত হয়েছে কন্টেমপোরারি, আতাউর রহমান খান, নিয়াজ এবি জেভি, রানা বিল্ডার্স, এমআরসি-এসএইচ-আরবি জেভি এবং মাসুদ অ্যান্ড কোম্পানি। এ কাজে মোট ব্যয় হবে ৮১ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮৭০ টাকা।
ঢাকা ওয়াসার লাইন পুনর্বাসন ও সরবরাহ কার্যক্রমের আওতায় বিভিন্ন এলাকার পুনর্বাসন কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে ২৫ কোটি ৮১ লাখ ১১ হাজার ৭৮০ টাকা দর দিয়ে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে জার্মানির প্রতিষ্ঠান ‘লাডউইগ পিফাইফার হোচ-আন্ড টিফবো।
এ কার্যক্রমের আওতায় ঢাকার ধানমণ্ডি, জিগাতলা, কলাবাগান, লালমাটিয়া, মোহাম্মদপুর, আদাবর, পিসি-কালচার হাউজিং, মনিপুরি পাড়া, গ্রিনরোড, ফার্মগেট, রাজাবাজার ও আশেপাশের এলাকার সরবরাহ লাইন পুনর্বাসনের কাজ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আগামী ২০১৩ শিক্ষাবর্ষের ইবতেদায়ী, দাখিল এবং দাখিল (ভোকেশনাল) স্তরের বই বিনামূল্যের বই মূদ্রণ, বাঁধাই ও পরিবহনের কাজের জন্য ১১০টি প্রতিষ্ঠানের দরপত্র প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ৬২ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার ৫১০ টাকা।
একই শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি সংস্করণ এবং এসএসসি পর্যায়ে ভোকেশনাল শিক্ষার জন্য বিনামূল্যের বই ছাপানোর কাজে ব্যবহারের জন্য ১১ হাজার মেট্রিক টন ছাপার কাগজ এবং ৮০০ মেট্রিক টন কার্টিজ কাগজ কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
এতে মোট ব্যয় হবে ৯১ কোটি ৪২ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া আমদানি করা কাগজের মান নিয়ন্ত্রণে আমদানি এবং অবতরণ পর্যায়ে পরিদর্শন খাতে আরো ১৫ লাখ ৩৩ হাজার ৪৯২ টাকা খরচ হবে।
ইউরোপীয় কমিশনের (ইসি) সাহায্যপুষ্ট ‘স্কুল ফিডিং’ কার্যক্রমের জন্য ৯১ কোটি ৪৭ লাখ ৩৫ হাজার ৯৮৬ টাকার বিস্কুট কেনার অবশিষ্ট অর্থে ছাড়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় কমিটি। নাবিস্কো, সেন্ট্রাল মার্কেটিং, মাসাফি ব্রেড অ্যান্ড বিস্কুট, রেসকো বিস্কুট এবং মনা ফুড কোম্পানি থেকে এ বিস্কুট কেনার অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়।
জয়দেবপুর-ময়মনসিংহ সেকশনে রেলওয়ের ১৩টি স্টেশনের সিগনাল এবং ইন্টারলকিং ব্যবস্থা পুনর্বাসন এবং আধুনিকীকরণের জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয় সভায়। কোরীয় প্রতিষ্ঠান এলএস ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম কোম্পানি এ কাজের জন্য যোগ্য মনোনীত হয়েছে। এতে ব্যয় হবে ৭০ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৩৯৮ টাকা।
ভারতীয় ঋণচুক্তির আওতায় রেলওয়ের জন্য এয়ার ব্রেক সম্বলিত ১৭০টি এমজি ফ্লাট ওয়াগন (বিএফসিটি) ও ১১টি এমজি ব্রেক ভ্যান কেনার জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। ভারতীয় প্রতিষ্ঠান ‘তিতাগড় ওয়াগন লি.’ এ কাজের জন্য মনোনীত হয়েছে। এতে ব্যয় হবে ৮১ কোটি আট লাখ ৫৩ হাজার ২২৭ টাকা।
রেলওয়ের ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ সেকশনে রেললাইন পুনর্বাসনের ব্যয় বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি। এতে ব্যয় বৃদ্ধি পেয়েছে দুই কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৭৬০ টাকা। এ কাজের ব্যয় বেড়ে বর্তমানে হয়েছে ১৫৯ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৭০৫ টাকা।
জাইকার অর্থায়নে পল্লী বিদ্যুতায়ন উন্নয়ন কার্যক্রমের জন্য মালামাল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৫৭ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার ৮৮০ টাকা ব্যয়ে এসব মালামাল সরবরাহের দায়িত্ব পেয়েছে হ্যাংঝোউ শেয়ারহোল্ডিং কোম্পানি।
কুষ্টিয়া সদরের কুষ্টিয়া-হরিপুর সড়কে গড়াই নদীর ওপর ৫০৫ মিটার স্ট্রেসড গার্ডার এবং যশোরের অভয়নগরে ভাঙ্গাগেট-আমতলার সড়কে নওয়াপাড়া ভৈরব নদীর ওপর ৬৯৭ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণের দরপত্র প্রস্তাব অনুমোদন করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রস্তাবে এ দুটি সেতু নির্মাণের সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে ঢাকার মিরপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আনোয়ার হোসেন খান।
গড়াই নদীর ওপর সেতু নির্মাণে ৫৩ কোটি ৬২ লাখ ৭৬ হাজার ৫৯৬ টাকা এবং ভৈরব নদীর ওপর সেতু নির্মাণে ৬০ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৬৫ টাকা ব্যয়ের প্রস্তাব সম্বলিত দরপত্র অনুমোদন করা হয়।
এছাড়া বাংলাদেশ সরকার এবং এডিবির অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের দ্বিতীয় শষ্য বহুমুখীকরণ প্রকল্পের জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে ২০ কোটি সাত লাখ ৩৩ হাজার ১৩৩ টাকা ব্যয় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭৩২ ঘ.
bdnews24