ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ তহবিলে প্রশাসনের সব সচিব ও সমমর্যাদার কর্মকর্তারা তাদের একটি উৎসব ভাতার অর্থ অনুদান হিসাবে দেবেন।
তারা এই অর্থ দেবেন দুটি পর্যায়ে। ঈদ ও পূজার জন্য তাদের পাওয়া দুটি বোনাস থেকে অর্ধেক অর্থ করে দুই ভাগে এ তহবিলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
বুধবার মন্ত্রিপরিষদের সভাকক্ষে জনপ্রশাসনের সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নেই সচিব ও সমমর্যাদার কর্মকর্তারা বোনাসের অর্থ এ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রশাসনের কর্মকর্তারা ঈদ বা পূজায় তাদের এক মাসের মূল বেতনের সমান টাকা উৎসব ভাতা হিসাবে পান। প্রত্যেক জ্যেষ্ঠ সচিব মূল বেতন হিসাবে ৪২ হাজার টাকা এবং প্রত্যেক সচিব ৪০ হাজার টাকা করে পেয়ে থাকেন। মন্ত্রিপরিষদ সচিব ৪৫ হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ৪৪ হাজার টাকা উৎসব ভাতা পান।
মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ বর্তমানে প্রশাসনে সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা রয়েছেন ৬৯ জন। এদের মধ্যে নয়জন জ্যেষ্ঠ সচিব ও নয়জন ভারপ্রাপ্ত সচিব। বাকি ৫১ জনই সচিব ও সমমর্যাদার পদে রয়েছেন।
সচিব সভার সিদ্ধান্ত প্রসঙ্গে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, গত ৯ জুলাই মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা এবং বাস্তবায়নের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।
পদ্মা সেতুর অর্থায়নে সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্পগুলো যাচাই-বাছাই করে প্রাধিকার প্রকল্প নির্ধারণ এবং পরে বাস্তবায়নযোগ্য প্রকল্প থেকে অর্থ নিয়ে পদ্মা সেতু তহবিলে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।
সচিব বলেন, মন্ত্রিসভার এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রকল্পগুলোর মধ্যে প্রাধিকার নির্ধারণ এবং পরে বাস্তবায়নযোগ্য প্রকল্প বাছাই করার জন্য সভায় সচিবদের তাগিদ দেওয়া হয়। তারা যতো দ্রুত সম্ভব এ কাজটি করে মন্ত্রিপরিষদ বিভাগকে জানাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭০০ ঘ.
bdnews24