২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: বেতনের অংশ দেবে শিক্ষা পরিবার

পদ্মা সেতু প্রকল্পে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব দপ্তর, অধিদপ্তর, সংস্থা, বোর্ডের প্রধানরা এক মাসের মূল বেতন দেবেন। এছাড়া শিক্ষা পরিবারের অন্যরা দেবেন এক দিনের মূল বেতন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব দপ্তর, অধিদপ্তর, সংস্থা, বোর্ডের প্রধানরা এক মাসের মূল বেতন দেবেন। এছাড়া শিক্ষা পরিবারের অন্যরা দেবেন এক দিনের মূল বেতন। মঙ্গলবার পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং অধীনে থাকা দপ্তর, অধিদপ্তর, সংস্থা, বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত হয়। দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়। দাতা সংস্থা অর্থায়ন বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। মন্ত্রিপরিষদেও নিজস্ব অর্থায়নে যতো দ্রুত সম্ভব এ সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষমন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সিন্ডিকেট সভা করে কীভাবে অর্থ সংগ্রহ করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বাইরে কেউ শিক্ষা পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না।” এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের কাছ থেকে এক দিনের মূল বেতন নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে সভায়। তবে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানদের দিয়ে এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। সভায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১০ কোটি টাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আন্তঃশিক্ষা বোর্ড ও ইউজিসি এক কোটি টাকা করে দেবে বলে জানিয়েছে। ইউজিসি চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও পদ্মা সেতু প্রকল্পে টাকা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর হাতে সংগ্রহ করা অর্থ প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। সভায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ মস আরেফিন সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদসহ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনে থাকা দপ্তর, অধিদপ্তর, সংস্থা, বোর্ডের প্রধানরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০২৫ ঘ.