২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম ধরে রাখতে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

রোজা ও ঈদ সামনে রেখে এক সপ্তাহে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে আসার পর এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 05:49 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজা ও ঈদ সামনে রেখে প্রবাসীরা এক সপ্তাহে রেকর্ড পরিমাণ বিদেশি মুদ্রা দেশে পাঠানোর পর ডলারের দাম ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তারা বলছেন, রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রাখার পাশাপাশি প্রবাসী আয় বাড়ার সুফল ধরে রাখতে প্রতিদিনই মুদ্রাবাজার থেকে ডলার কেনা হচ্ছে। সোমবারও ১০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়ে ৩১ কোটি ৮২ লাখ ডলার দেশে এসেছে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়ের ক্ষেত্রে যা একটি রেকর্ড। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির এই ধারা কোরবানির ঈদ পর্যন্ত, অর্থাৎ আরো অন্তত তিন মাস অব্যাহত থাকবে বলেই তারা আশা করছেন। কেন্দ্রীয় ব্যাংক সোমবার রেমিটেন্সের যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় ১ থেকে ৬ জুলাই দেশে ১৯ কোটি ৬৪ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। এই হিসাবে চলতি মাসের প্রথম ১৩ দিনে ৫১ কোটি ৪৬ লাখ ডলার রেমিটেন্স এসেছে। আর এর ফলে সোমবার পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২০ বিলিয়ন ডলারে। গত রোববার রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ১০ বিলিয়ন ডলার। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ৬৬ কোটি ৭০ লাখ ডলার পরিশোধের পর গত ৯ জুলাই রিজার্ভ নেমে এসেছিল ৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে। তিন দিনের মাথায় তা আবার ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। রেমিটেন্স বাড়ায় সন্তোষ প্রকাশ করে গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছেন। সদ্য সমাপ্ত অর্থবছরে ১২ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স দেশে পাঠিয়েছেন তারা, যা আগের অর্থবছরের চেয়ে সাড়ে ১০ শতাংশ বেশি।” “সেই ধারাবাহিকতা নতুন অর্থবছরেও অব্যাহত রয়েছে। সামনে দুটি ঈদ। এ দুটি উৎসব সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি টাকা পাঠাবেন। এর ইতিবাচক প্রভাব রিজার্ভেও পড়বে”, বলেন আতিউর। এদিকে রিজার্ভ বাড়াতে বিদেশি মুদ্রায় প্রচলিত তিনটি বন্ড কেনার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। সেইসঙ্গে বিদেশি মুদ্রায় অ্যাকাউন্ট (এফসি একাউন্ট) খোলার শর্তও শিথিল করা হয়েছে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পরপরই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউ এস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউ এস ডলার ইনভেস্টমেন্ট কেনার শর্ত শিথিল করে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। গত ১০ জুলাই জারি করা একই সার্কুলারে এফ সি একাউন্ট খোলার শর্তও শিথিল করা হয়। প্রবাসীদের কাছে ওই তিনটি বন্ড জনপ্রিয় করার মাধ্যমে বিদেশিক মুদ্রার মজুদ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। আতিউর রহমান বলেন, “রেমিটেন্স বাড়ায় ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে। পাশের দেশ ভারতসহ বিভিন্ন দেশে যখন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমছে, আমাদের এখানে তখন উল্টোটা হচ্ছে। গত চার-পাঁচ মাস ধরেই ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে।” কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময়ে পাওয়া গেছে ৮১ টাকা ৭৮ পয়সা। জানুয়ারি মাসে ডলারের দর বাড়তে বাড়তে ৮৫ টাকায় উঠেছিল। রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ায় বিদেশি মুদ্রার (ডলার) দর যাতে পড়ে না যায় তা নিশ্চিত করতে মুদ্রাবাজার থেকে প্রতিদিনই ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবারও ১০ কোটি ডলার কেনা হয়েছে। আর চলতি মাসের শুরু থেকে সোমবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কিনেছে ৩৫ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে ডলারের সরবরাহ এখন ভাল। কেন্দ্রীয় ব্যাংক যদি এই মুহূর্তে বাজার থেকে ডলার না কিনত, তাহলে ডলারের দর ৭০/৭১ টাকায় নেমে আসত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১১১৫ ঘ.