২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনভয় টেক্সটাইলসের অর্থ সংগ্রহ পেছাল

প্রাথমিক গণপ্রস্তাবের ভিত্তিতে পুঁজিবাজার থেকে এনভয় টেক্সটাইলস লিমিটেডের অর্থ সংগ্রহ এখনি হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক গণপ্রস্তাবের ভিত্তিতে পুঁজিবাজার থেকে এনভয় টেক্সটাইলস লিমিটেডের অর্থ সংগ্রহ এখনি হচ্ছে না। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অর্থ সংগ্রহ আপাতত স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রোববার এসইসির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের আবেদনে তাদের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণের তারিখ আপাতত স্থগিত করা হয়েছে।” অর্থ সংগ্রহের নতুন তারিখ পরে জানানো হবে বলে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ৫ জুন এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করে এসইসি। এনভয় টেক্সটাইলস লিমিটেড ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৯০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকায় ইস্যুর অনুমোদন দিয়েছে এসইসি। প্রতিষ্ঠানটির আইপিওর ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লি. এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি.। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএল/২০৩৭ ঘ.