২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধেক মানুষ ব্যাংকিং সেবার বাইরে: আতিউর

দেশের ৫০ শতাংশ মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে রয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, এসব মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নতুন ব্যাংক শাখার অর্ধেক গ্রামে করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৫০ শতাংশ মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে রয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, এসব মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে নতুন ব্যাংক শাখার অর্ধেক গ্রামে করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সকালে রাজশাহীতে ব্যাংকিং সুপারভিশন কার্যক্রমের ওপর আঞ্চলিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, গ্রামে ব্যাংকিং সেবা চালুর পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের স¤প্রসারণ এবং গ্রামে এজেন্ট ব্যাংকিং চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও গভর্নর জানিয়েছেন। আতিউর রহমান বলেন, এর মাধ্যমে ব্যাংকের এজেন্টরা বিভিন্ন গ্রামে গিয়ে ঋণ আদায় এবং ঋণের সার্বিক তদারক করতে পারবে। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দার পরেও বাংলাদেশের আর্থিক খাত ভালো অবস্থানে রয়েছে। গত এক দশকে যেখানে গড় জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ ছিল তা এখন বেড়ে সাড়ে ৬ শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। “গত এক দশকে আমাদের মাথাপিছু আয় দ্বিগুনেরও বেশি বেড়েছে।” গভর্নর বলেন, বাংলাদেশে সামষ্টিক অর্থনীতির মূখ্য সূচক যেমন আমদানি-রপ্তানি, রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক পরিমাণে বেড়েছে। গত এক দশকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে সাতগুন এবং রেমিট্যান্স সাড়ে চারগুনেরও বেশি বেড়েছে বলে জানান তিনি। ব্যাংলাদেশ ব্যাংক আয়োজিত এ সভায় ব্যাংকিং খাতের সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরা হয়। এতে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সুপারভিশন অ্যাডভাইজার গ্লেন টাস্কি, রাজশাহী শাখার মহাব্যবস্থাপক জান্নাতুল বাকিয়া ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা উপস্থিত ছিলেন। এরপরে বিকালে সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে গভর্নর কৃষকদের বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান। তিনি বলেন, “গরীব মানুষ ব্যাংক থেকে ঋণ নিলে তা সহজে ফেরত দেয়। তাই তাদের জন্য নতুন ধারার ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হবে। এটা হলে সবুজ ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরএইচ/এএইচ/২২০৮ ঘ.