ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণ ও আইন ভাঙার দায়ে জুন মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তিন কোটি টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত মাসে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট ১৪টি অভিযানে ৩৯টি ঘটনায় পরিবেশ দূষণ ও পরিবেশ আইন ভাঙার দায়ে ক্ষতিপূরণ বাবদ মোট তিন কোটি দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা মহানগরসহ ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে এসব অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মো. মুনীর চৌধুরী এসব অভিযান পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
জুন মাসে অভিযানে পরিবেশ দূষণের যে সব ঘটনা বের হয়েছে সেগুলো হলো- গাজীপুরের তুরাগ নদ দূষণ, টাঙ্গাইলে ধলেশ্বরী নদী দখল, টাঙ্গাইল ও মানিকগঞ্জে কৃষি জমি ধ্বংস করে ইটভাটা তৈরি, বুড়িগঙ্গায় লবণ কারখানার দূষণ, সাভারের আমিন বাজারে অবৈধ আবাসন প্রকল্প নির্মাণ, নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ডাইং কারখানায় দূষণ, নারায়ণগঞ্জের সোনারগাঁয় স্টিল মিলের বায়ু দূষণ, ময়মনসিংহের ভালুকায় ক্ষীর নদ দূষণ, নারায়ণগঞ্জের পাগলায় ও পল্লবীতে শব্দ দূষণ এবং রাজধানীতে পরিবেশ আইন লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ।
পরিবেশ অধিদপ্তর জানায়, জুন মাসে পরিবেশ অধিদপ্তরের অভিযানে টাঙ্গাইলের কালিহাতীর বেলটিয়া গ্রামে ধলেশ্বরী নদীতে নির্মিত ১০০ ফুট দীর্ঘ বাঁধ অপসারণ করার পাশাপাশি মনিকগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে ১৩টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএল/১৮০৫ ঘ.
bdnews24